ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ৪৭.২ ওভারে ২০৯ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। জবাব দিতে নামা ইংল্যান্ড পঞ্চাশের আগে হারায় তিন উইকেট। এরপর মিরাজের জোড়া আঘাতে ম্যাচে আছে বাংলাদেশ।
ইংল্যান্ড ৩৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪১ রানে ব্যাট করছে। জয়ের জন্য তাদের ৬৯ রান দরকার। তিনে নামা ডেভিড মালান ৬৭ রানে খেলছেন। তার সঙ্গী পেসার ক্রিস ওকস।
এর আগে ওপেনার জেসন রয় ৪ রান করে সাকিবের বলে তামিমের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন। অন্য ওপেনার ফিল সল্ট ১২ রান করে তাইজুলের বলে বোল্ড হয়েছেন। এরপর বাঁ-হাতি স্পিনার তাইজুল ৬ রান করা জেমস ভিন্সিকে স্টাম্পিং-এর ফাঁদে ফেলেন।
তাসকিনের জোরের ওপর করা বলে জস বাটলার খোঁচা দিয়ে স্লিপে নাজমুল শান্তর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান। দলের রান তখন ৬৫। এরপর ৩৮ রানের জুটি দিয়ে মিরাজের বলে ক্যাচ দিয়ে আউট হয়েছেন জ্যাক। তিনি ২৬ রানের ইনিংস খেলেন। সেট হওয়া মঈন আলীকে ১৪ রানে বোল্ড করেছেন মিরাজ।
এর আগে বাংলাদেশের হয়ে ৮২ বলে সর্বোচ্চ ৫৮ রানের ইনিংস খেলেছেন তিনে নামা নাজমুল শান্ত। ছয়টি চারের শটে ওই রান করেন তিনি। এছাড়া মাহমুদউল্লাহ ৩১, তামিম ইকবাল ২৩ ও মুশফিকুর রহিম ১৭ রান করেছেন।
ইংল্যান্ডের হয়ে পেসার জোফরা আর্চার ও মার্ক উড এবং স্পিনার মঈন আলী ও আদিল রশিদ দুটি করে উইকেট নিয়েছেন। উইল জ্যাক ও ক্রিস ওকস নিয়েছেন একটি করে উইকেট।