সীতাকুণ্ডে বিস্ফোরণে আধা কি.মি. উড়ে যাওয়া লোহার টুকরার আঘাতে নিহত ১

প্রকাশিতঃ মার্চ ৪, ২০২৩ | ৯:১৯ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুলে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় দুর্ঘটনাস্থল থেকে উড়ে যাওয়া প্ল্যান্টের একটি লোহার টুকরার আঘাতে আধা কিলোমিটার দূরে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানা গেছে। তার নাম মো. শামসুল আলম। সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম শনিবার রাতে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বিস্ফোরণে প্ল্যান্টের দেয়াল ভেঙে পড়ে। দুর্ঘটনাস্থলের আশপাশে আধা কিলোমিটার এলাকায় বাড়িঘর ও অফিস-আদালত কেঁপে ওঠে। বিকট শব্দে অনেক স্থাপনার কাচ ভেঙে যায়। দেয়ালে ফাটল দেখা দিয়েছে। আধা কিলোমিটার দূরে শামসুল আলম একটি দোকানে বসেছিলেন। সেখানে লোহার টুকরা উড়ে গিয়ে তাকে আঘাত করে। মুসলিম উদ্দিন নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, অনেকের হাত-পা কেটে যায়। এখান থেকে উড়ে যাওয়া লোহার টুকরার আঘাতে আধা কিলোমিটার দূরে শামসুল আলম নামের একজন মারা গেছেন। গত বছরের ৫ জুন সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে এমনই এক বিস্ফোরণ ঘটেছিল। বিএম কনটেইনার ডিপো থেকে সীমা অক্সিজেন অক্সিকো লিমিটেডের প্ল্যান্টের দূরত্ব আধা কিলোমিটার। জেলা প্রশাসক (ডিসি) আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান ও এসপি মো. শফিউল্লাহ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিস্ফোরণে এখন পর্যন্ত ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন অন্তত ২৫ জন। এ ঘটনায় তিন সদস্যের একটা কমিটি করা হয়েছে।