তেঁতুলিয়ায় বিষপানে দুই নারীর মৃত্যু
অনলাইন নিউজ ডেক্স
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কীটনাশক পানে দুই নারীর মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া এলাকার গৃহবধূ কল্পনা আক্তারের (২১) মৃত্যু হয়। আর আজ বুধবার দুপুরে তেঁতুলিয়া সদরের গড়িয়াগছ এলাকায় রহিমা আক্তার (৩৮) মারা যান।
কল্পনাকে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন জোর করে কীটনাশক পান করিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন তাঁর বাবা গোলাপ খাঁ। ওইদিন রাতেই তিনি নির্যাতন ও হত্যার অভিযোগে জামাতা আব্দুল্লাহ, তার বাবা কামাল হোসেন ও মা নাজমা বেগমকে আসামি করে মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়, কল্পনা মাঝিপাড়ার মো. আব্দুল্লাহর স্ত্রী। যৌতুকের জন্য তাঁকে মারধর করত শ্বশুরবাড়ির লোকজন। এরই মধ্যে মঙ্গলবার রাতে কল্পনা কীটনাশক পান করেছেন জানিয়ে শ্বশুরবাড়ির লোকজন হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
অপরদিকে বুধবার দুপুরে গড়িয়াগছ এলাকার আব্দুস সাত্তারের স্ত্রী রহিমা আক্তার কীটনাশক পান করেন। তিনি দীর্ঘদিন ধরে পেটের অসুখে ভুগছিলেন। ব্যথা সহ্য করতে না পেরে তিনি কীটনাশক পান করেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু সাঈদ চৌধুরী বলেন, ২৪ ঘণ্টার মধ্যে বিষপানে দুই নারীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। কল্পনাকে নির্যাতন ও জোর করে কীটনাশক পানে হত্যার অভিযোগে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আর রহিমার বিষয়ে অভিযোগ না থাকায় অপমৃত্যুর (ইউডি) মামলা হবে।
