আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
নাসির উদ্দিন, উপজেলা সংবাদদাতা, আত্রাই, নওগাঁ
নওগাঁর আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার ১৩ এপ্রিল ভোরে আহসানগঞ্জ স্টেশনের দক্ষিণ পাশে রেলগেটের সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে রেললাইনের পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী রেলওয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
সান্তাহার জিআরপি থানার এসআই মাহফুজুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী “লালমনি এক্সপ্রেস” ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। নিহতের পরণে ছিল লুঙ্গী ও কালো গেন্জী।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।