১৬ লাখ টাকার স্পিন বোলিং মেশিন কী কাজে লাগাবে বিসিবি


১৬ লাখ টাকার স্পিন বোলিং মেশিন কী কাজে লাগাবে বিসিবি
দ্রুতগতির বল কিংবা বাউন্সারের সঙ্গে ব্যাটারদের মানিয়ে নিতে বোলিং মেশিনের ব্যবহার বাংলাদেশে হয়ে আসছে অনেক দিন ধরেই। এবার বাংলাদেশে এল স্পিন বোলিং মেশিন। ১৬ লাখ টাকা দামের এই মেশিন আজ দেখা গেছে জাতীয় দলের স্পিন বোলিং ক্যাম্পে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডের মতো দেশে স্পিন বোলিংয়ের ব্যবহার বেশি দেখা যায়। কারণ, সেসব দেশে ক্রিকেটাররা পেসবান্ধব উইকেটে খেলতে অভ্যস্ত। স্পিন সহায়ক কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই এই পদ্ধতি অবলম্বন করেন তাঁরা। আর উপমহাদেশের বেশির ভাগ উইকেটেই স্পিন বান্ধব। এ ধরনের উইকেটে অনুশীলনে ঝালিয়ে নিতে এবার ব্যবহার করা হচ্ছে স্পিনবান্ধব উইকেট। আজ সংবাদমাধ্যমকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস বলেন, ‘প্রায় ১০০০০ পাউন্ড এর দাম। তবে ভ্যাট- ট্যাক্সের হিসাবটা জানা নেই আমার।’ বিসিবি যে স্পিন বোলিং মেশিন নিয়ে এল, সেটার নাম বাংলাদেশি মুদ্রায় ১৬ লাখ ২০ হাজার টাকা। কী কী কাজে এটা ব্যবহার করা যাবে—এই প্রশ্নের উত্তরে নাফীস বলেন, ‘এটা দিয়ে অফ স্পিন, লেগ স্পিন এবং স্ট্রেইট বলটা করা যায়। ডানহাতি বোলারের ক্ষেত্রে যদি এটা অফ স্পিন হয়, তাহলে বাঁহাতি বোলারের ক্ষেত্রে এটা চায়নাম্যান হবে। সব ধরণের স্পিনই খেলা যায়। পাশাপাশি সোজা বল, যে বলটা আর্মার বল, সেই বলটাও খেলা যায়। তিন ধরনের বল খেলা যায়। লেংথ বদলানো যায়।’