হাজিরা দিতে এসে কারাগারে পাঠানো হয়েছে কথিত সাংবাদিক লিটন শিকদারকে
অনলাইন নিউজ ডেক্স
চাঁদাবাজি মামলায় আদালতে হাজিরা দিতে এসে কারাগারে পাঠানো হয়েছে কথিত সাংবাদিক লিটন শিকদারকে।
সোমবার (৬ এপ্রিল) বিচারক মুহাম্মাদ আলী তালহা এ আদেশ দেন।
মামলার বিবরণে জানা গেছে, গত বছরের ২২ অক্টোবর লিটন শিকদার নামে ওই যুবক উপজেলার বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে নিজেকে সাংবাদিক পরিচয় দেন। এ সময় তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তিনি হুমকি দেন এবং অশালীন ভাষায় গালাগাল করেন। পরবর্তীতে তিনি কয়েকজনকে সঙ্গে নিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে গিয়ে বিভিন্ন বিষয়ে প্রশ্ন তোলেন এবং শিক্ষা কর্মকর্তা উত্তম কুমার সরকারকে মারধরের চেষ্টা করেন। এ সময় বাধা দিতে গেলে মাজড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসিফ আহমেদকে ধাক্কা দেওয়া হয়। এছাড়া সহকারী শিক্ষা কর্মকর্তা চঞ্চল শেখ ও নবীন কুমার রায়কেও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় উপজেলা শিক্ষা কর্মকর্তা উত্তম কুমার সরকার বাদী হয়ে লিটনসহ তিনজনের নাম উল্লেখ করে কাশিয়ানী থানায় একটি চাঁদাবাজি মামলা করেন। ওই মামলায় আজ সোমবার আদালতে হাজিরা দিতে এসে লিটন শিকদারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
