সাম্পান ভাসিয়ে গান-নৃত্যে কর্ণফুলী রক্ষার আহ্বান


সাম্পান ভাসিয়ে গান-নৃত্যে কর্ণফুলী রক্ষার আহ্বান
কর্ণফুলীতে সাম্পান ভেসে চলেছে এক ঘাট থেকে অন্য ঘাটে। পাটাতনে ৬০ থেকে ৭০ আরোহী। কেউ সংস্কৃতিকর্মী, কেউ রাজনীতিক, কেউ সমাজকর্মী, কেউ শিক্ষক। আছেন সংবাদকর্মীও। বিশেষ এই সাম্পানের উদ্দেশ্য কর্ণফুলীর দখল-দূষণ ঠেকাতে সচেতনতা বাড়ানো। এজন্য এটি ঘাটে ঘাটে ভিড়ছে। আরোহীরা সাম্পানের সুদৃশ্য মঞ্চে মেতে উঠেছেন গান-নৃত্যে । এসব গানে রয়েছে সচেতনতার বার্তা। আছে চট্টগ্রামের ঐতিহ্য, কর্ণফুলীর হারানো ঐশ্বর্যের কথাও। গান গেয়ে তাঁরা সাধারণ মানুষকে শুধু সচেতন করছেন না; স্মৃতিকাতরও করছেন! গতকাল বুধবার কর্ণফুলী নদীতে এ দৃশ্য দেখা গেছে। সাম্পানটি সকাল ৯টায় চট্টগ্রাম সদরঘাট থেকে রওনা হয়ে চন্দ্রঘোনা দোভাষী বাজার পর্যন্ত ৫০ কিলোমিটার এলাকায় ঘুরে ঘুরে প্রচার চালায়। চট্টগ্রাম নগরীর অর্ধকোটি মানুষের পানির অন্যতম উৎস কর্ণফুলী নদীকে দখল ও দূষণ থেকে রক্ষা করতেই এ উদ্যোগ। চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্র ও কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের যৌথ আয়োজনে তিন দিনব্যাপী ‘সাম্পান খেলা ও চাটগাঁইয়া সংস্কৃতি মেলা’র প্রথম দিনের অনুষ্ঠানে ‘বিনি সুতার মালা’। কর্ণফুলীকে দখল-দূষণমুক্ত রাখতে এ আয়োজনে ৩০টি ঘাট ও জনবসতিতে আলোচনা এবং নাচ-গান আয়োজনের কথা রয়েছে। এরই মধ্যে গতকাল প্রথম দিন সাম্পানটি সদরঘাট, চরপাথরঘাটা, নয়াহাট, কালুরঘাট, বোয়ালখালী, লাম্বুরহাট, গোচরা বাজার, গোডাউন ঘাট, ইছাখালী ঘাট, গোদালাঘাট, চৌধুরী হাট, দোভাষী বাজারে গিয়ে আলোচনা, নৃত্য ও চট্টগ্রামের আঞ্চলিক গানের আসর বসায়। যাত্রা শুরুর প্রাক্কালে সাম্পানে তৈরি মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। চাটগাঁইয়া সাম্পান মেলা ও সাংস্কৃতিক মেলা উদযাপন পরিষদের চেয়ারম্যান সাংবাদিক চৌধুরী ফরিদের সভাপতিত্বে এবং কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের সভাপতি ও উদযাপন পরিষদের সমন্বয়ক পেয়ার আলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা এবং মেলা উদযাপন পরিষদের কো-চেয়ারম্যান হায়দার আলী রনি। প্রধান অতিথির বক্তব্যে নদী গবেষক অধ্যাপক ইদ্রিস আলী বলেন, কর্ণফুলীর দখল ও দূষণে মানুষের চেয়ে নদী ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোর দায়ভার বেশি। কর্তৃপক্ষ সঠিকভাবে দায়িত্ব পালন না করায় কর্ণফুলী আজ হুমকির মুখে। লাখ লাখ মানুষের সৃষ্ট বর্জ্য সরাসরি নদীতে পড়ছে। নদীর উভয় তীরের শতাধিক শিল্পকারখানা, বাজার, ঘাটের মাধ্যমে নদী দূষণ হচ্ছে। তাই কর্ণফুলী রক্ষায় সামাজিক আন্দোলনের বিকল্প নেই। অন্যদের মধ্যে বক্তব্য দেন কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শাহেদুর রহমান শাহেদ, চরপাথরঘাটা ইউপি সদস্য আবদুল রাজ্জাক, সংগঠক শাহ আলম, জাফর আহমদ, লোকমান দয়াল, মিজানুর রহমান, জেবল হোসেন, লেদু মিয়া, আলী হায়দার, সরওয়ার উদ্দীন কাজল, আলী নূর, ইউপি সদস্য আনোয়ার প্রমুখ। সাংস্কৃতিক আয়োজনে অংশ নেন সংগীতশিল্পী গীতা আচার্যসহ পার্বত্য চট্টগ্রামের একাধিক সাংস্কৃতিক দল। আয়োজকরা জানান, আয়োজনের দ্বিতীয় দিনে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় সদরঘাট থেকে বন্দর মোহনা পর্যন্ত ৩০০ সাম্পানের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে বিশেষ সাম্পান র‍্যালি। এ ছাড়া শুক্রবার বিকেল ৩টায় নগীর ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট থেকে সাম্পান বাইচ অনুষ্ঠিত হবে। একই দিন বিকেলে চরপাথরঘাটা সিডিএ মাঠে অনুষ্ঠিত হবে চাটগাঁইয়া সংস্কৃতিমেলা ।