ইরাকে বিশ্ববিদ্যালয়ে হামলার আশঙ্কা, মার্কিন দূতাবাসের সতর্কতা
অনলাইন নিউজ ডেক্স
ইরাকে অবস্থিত মার্কিন দূতাবাস সতর্ক করে জানিয়েছে, ইরান ও তাদের মিত্ররা দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে লক্ষ্য করে হামলা চালাতে পারে। বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস জানায়, বিশেষ করে বাগদাদ, সুলাইমানিয়া ও দোহুকের মার্কিন-সংযুক্ত বা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো ঝুঁকির মধ্যে রয়েছে।
দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে অবস্থিত মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে সরাসরি হুমকি দিয়েছে। পাশাপাশি ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো ইতোমধ্যে ইরাকে মার্কিন নাগরিক ও সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে একাধিক হামলা চালিয়েছে।
এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের দ্রুত ইরাক ত্যাগ করার আহ্বান জানিয়েছে।
সম্প্রতি তেহরান ও ইসফাহানে বিশ্ববিদ্যালয়গুলোতে হামলার পর ইরানও মার্কিন ও ইসরায়েলি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে বলে জানা গেছে।