চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনি আচরনবিধি লংঘনে জরিমানা
মোঃ ফয়জুল ইসলাম উপজেলা সংবাদদাতা চাঁপাইনবাবগঞ্জ সদর
04/02/2026 আজ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় নির্বাচনী আচরণ বিধি প্রতিপালনে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সহকারে টহল পরিচালনার সময় চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার পৌর এলাকার বিশ্বরোড মোড় এবং নতুন স্টেডিয়াম এলাকায় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ১৩(ক) লংঘন করে তোরণ নির্মাণ করায় ২ টি তোরণ অপসারণ করা হয়। ঘটনাস্থলে তোরণ স্থাপনকারী কাউকে পাওয়া যায়নি। এছাড়া, একই বিধিমালার ১৩(গ) বিধি লংঘন করে নির্বাচনী প্রতীকে আলোকসজ্জা করায় শহরের হরিপুর এলাকায় দাড়িপাল্লা প্রতীকের একজন সমর্থককে বিধিমালার ২৭(ক) বিধি অনুযায়ী ৫০০০/- টাকা এবং একই অপরাধে দ্বারিয়াপুর ট্রাকস্ট্যান্ড এলাকায় ধানের শীষ প্রতীকের একজন সমর্থককে ৫০০০/- টাকা অর্থদণ্ড আরোপ করে আদায় করা হয়। অভিযান পরিচালনাকারীকে বাংলাদেশ জামায়াতে ইসলামী, চাঁপাইনবাবগঞ্জ জেলার দায়িত্বশীলগণ জানিয়েছেন যে, কিছু কর্মী সমর্থক আচরণ বিধি সম্পর্কে পুরোপুরি অবগত না হয়ে আবেগের বশে তোরণ নির্মাণ এবং আলোকসজ্জা করেছেন। তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে উৎসবমুখর পরিবেশে একটি সুষ্ঠু, সুন্দর এবং ঐতিহাসিক নির্বাচন উপহার দেয়ার জন্য প্রশাসনকে সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন।
নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে, কর্মী সমর্থকদের আবেগের বহিঃপ্রকাশ এবং প্রচারণা মাত্রা তত বাড়বে। চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সকল প্রার্থী, কর্মী এবং সমর্থকদের আচরণ বিধি মেনে উৎসবমুখর পরিবেশে একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও ঐতিহাসিক নির্বাচন উপহার দেয়ার জন্য নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মচারীদের সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হলো।
