প্রধানমন্ত্রীর ছেড়ে দেওয়া বগুড়ার আসনে উপনির্বাচনে জয়ের আশা বিএনপির


প্রধানমন্ত্রীর ছেড়ে দেওয়া বগুড়ার আসনে উপনির্বাচনে জয়ের আশা বিএনপির
প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনের উপনির্বাচন আগামী ৯ এপ্রিল। আসনটিতে এবার বিএনপির প্রার্থী জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে আছেন জামায়াতের আবিদুর রহমান সোহেল। বিএনপি বিপুল ভোটে জয়ের আশাবাদী হলেও, সহজ হবে না বলছে জামায়াত। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তারেক রহমানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ১ লাখ ২০ হাজার ভোটের ব্যবধানে হেরে যান জামায়াতের জেলা আমির আবিদুর রহমান সোহেল। দলীয় প্রধানের সঙ্গে ভোটের লড়াই চ্যালেঞ্জের হলেও, এবার জয়ের আশা এই প্রার্থীর। আবিদুর রহমান সোহেল বলেন, ভোটে কারচুপির চেষ্টা হলে শক্ত হাতে প্রতিহত করা হবে। বগুড়ার মাটিতে বিএনপির একক আধিপত্য রয়েছে দাবি করে, বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা বলছেন, এবারো ধানের শীষকে বিপুল ভোটে জয়ী করবে বগুড়াবাসী। প্রার্থীদের প্রতিশ্রুতি আর হিসাব-নিকাশের বাইরে ভোটারদের সমিকরণ আলাদা। জনবান্ধব এবং উন্নয়নে আন্তরিক জনপ্রতিনিধিকেই বেছে নিতে চান তারা। ৪ লাখ ৫৪ হাজার ৪৩ ভোটারের আসনটিতে মোট ভোটকেন্দ্র আছে ১৫১টি। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে প্রশাসন।