ফুকরা স্ট্যান্ডে অটোভ্যান রাখার স্থান ও জনসাধারণের চলাচলের রাস্তায় মাটি ভরাট


ফুকরা স্ট্যান্ডে অটোভ্যান রাখার স্থান ও জনসাধারণের চলাচলের রাস্তায় মাটি ভরাট
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ৭নং ফুকরা ইউনিয়নের ফুকরা স্ট্যান্ডে অটোভ্যান চালক ও যাত্রীদের সুবিধার্থে হাইওয়ে রাস্তার পাশে মাটি ভরাট কার্যক্রম শুরু হয়েছে। সমাজসেবক ও মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত সাবেক ফুকরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি বদরুল আলম বদিয়ার সরদারের উদ্যোগে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৫ ঘটিকার সময় গাড়িতে করে মাটি এনে এ কাজের আনুষ্ঠানিক সূচনা করা হয়। দীর্ঘদিন ধরে ফুকরা স্ট্যান্ডে অটোভ্যান রাখার জন্য নির্দিষ্ট স্থান না থাকায় চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। যাত্রীদের ওঠানামার ক্ষেত্রেও নানা অসুবিধার সৃষ্টি হতো। বিষয়টি উপলব্ধি করে বদিয়ার সরদার নিজ উদ্যোগে হাইওয়ে রাস্তার পাশে মাটি ভরাট করে অটোভ্যান রাখার উপযোগী স্থান তৈরি করার উদ্যোগ গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মানবিক সমাজসেবক লিটন সরদার। এছাড়াও মাটি কাটার কাজে সহযোগিতা করেন দুলাল খন্দকার, ভ্যান চালক রফিক মোল্যা, ফায়েক, সুরুজ ফকির, ফুল শেখসহ স্থানীয় আরও অনেকে। স্থানীয় অটোভ্যান চালক ও এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এর ফলে অটোভ্যান চালকদের যানবাহন রাখা সহজ হবে এবং যাত্রীদের চলাচল আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে। উদ্যোক্তা বদিয়ার সরদার বলেন, মানুষের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য। অটোভ্যান চালক ও যাত্রীদের সুবিধার কথা চিন্তা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকাবাসী মনে করেন, এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সহায়ক হবে।