যুক্তরাষ্ট্র থেকে এলো ৫৮ হাজার টন গম
অনলাইন নিউজ ডেক্স
যুক্তরাষ্ট্র ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী নগদ ক্রয় চুক্তি নম্বর জি-টু-জি-০২ এর আওতায় যুক্তরাষ্ট্র থেকে ৫৮ হাজার ৩৫৯ টন গম নিয়ে এমভি ডব্লিউএফ আর্টেমিস জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে।
বাংলাদেশ ইতোমধ্যে সরকারের (জি-টু-জি) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করেছে। জি-টু-জি-০২ চুক্তির আওতায় মোট ২ লাখ ২০ হাজার টন গম আমদানি করা হবে। এরই তৃতীয় চালান হিসাবে ৫৮ হাজার ৩৫৯ টন গম নিয়ে এমভি ডব্লিউএফ আর্টেমিস বর্তমানে চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে অবস্থান করছে। এরআগে প্রথম ও দ্বিতীয় চালানে মোট ১ লাখ ১৪ হাজার ৯৩ টন গম দেশে এসেছে।
উল্লেখ্য, জি-টু-জি-০১ চুক্তির আওতায় ইতোমধ্যে মোট ২ লাখ ২০ হাজার টন গম আমদানি সম্পন্ন হয়েছে।
জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। নমুনা পরীক্ষার ফলাফল শেষে দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।