শামস সুমনের জানাজা সম্পন্ন, স্বজনরা দেশে ফিরলে হবে দাফন


শামস সুমনের জানাজা সম্পন্ন, স্বজনরা দেশে ফিরলে হবে দাফন
এক সময়ের টিভি পর্দার নিয়মিত মুখ ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমনের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার (১৮ মার্চ) বেলা ১১টায় তার মরদেহ চ্যানেল আই প্রাঙ্গনে নেওয়া হলে সেখানেই তার জানাজা সম্পন্ন হয়। সেখানে তার জানাজায় শিল্পী, নির্মাতা ও কলাকুশলীরা অংশ নেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন অভিনেতা রামেন্দ্র মজুমদার, অভিনেতা আফজাল হোসেন, নায়ক ওমর সানী, পরিচালক বাদল খন্দকার, জাহিদ হাসান, মীর সাব্বির, জিতু কমল, আবুল কালাম আজাদ, সালাহ উদ্দিন লাভলু, ত্রপা মজুমদার, নাদের চৌধুরী, ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াহিদ, আবুল কালাম আজাদ, আহসান হাবিব নাসিম, সকাল আহমেদ, তাহমিনা সুলতানা মৌ, শাহেদ শরীফ খান, অহিদা মল্লিক জলি প্রমুখ। জানা গেছে, শামস সুমনের পরিবার যুক্তরাজ্য থেকে দেশের উদ্দেশ্য রওনা দিয়েছেন। তার পরিবার ফিরলেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তার আগ পর্যন্ত শামস সুমনের মরদেহ রাজধানীর সিএমএইচের হিমঘরে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শামস সুমন। জানা যায়, যুক্তরাজ্য থেকে পরিবারের সদস্যরা দেশে ফিরলে রাজশাহীর পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে। উল্লেখ্য, এক সময়ে মঞ্চ, ছোট পর্দা ও বড় পর্দা সব মাধ্যমেই দাপিয়ে কাজ করেছেন শামস সুমন। সর্বশেষ রেডিও ভূমির স্টেশন চিফ হিসেবে কর্মরত ছিলেন সদ্য প্রয়াত এই অভিনেতা।