প্রকাশিতঃ সেপ্টেম্বর ২, ২০২৬

সুইমিংপুলে তরুণীর সঙ্গে মামুনুর রশীদ, ছবিটি নিয়ে যা জানা গেল


সুইমিংপুলে তরুণীর সঙ্গে মামুনুর রশীদ, ছবিটি নিয়ে যা জানা গেল
সুইমিংপুলের নীল পানিতে পা ডুবিয়ে সময় কাটাচ্ছেন বর্ষীয়ান অভিনেতা মামুনুর রশীদ। এ সময় তার সঙ্গে দেখা যায় তার চেয়ে বয়সে অনেক ছোট তরুণী প্রিসিলা ডি কস্তাকে। মামুনুর রশীদকে জড়িয়ে ধরে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি। ছবিগুলো প্রথম দেখায় অনেকের কাছেই তৈরি করতে পারে ভিন্নরকম ধারণা— মনে হতে পারে, তারা যেন অসম বয়সী কোনো প্রেমিক জুটি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কয়েকটি ছবি প্রকাশ করেন প্রিসিলা। পরে ছবিগুলো দ্রুত ছড়িয়ে পড়লে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। ছবিগুলো ঘিরে অনেকের মনেই তৈরি হয় কৌতূহল। কেউ কেউ প্রশ্ন তুলতে শুরু করেন— তাহলে কি নতুন করে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ? ভাইরাল ছবিগুলো নিয়ে ছড়িয়ে পড়া নানা জল্পনার পর এর নেপথ্যের ঘটনা জানতে খোঁজ নেওয়া হয়। অনুসন্ধানে জানা গেছে, ছবিগুলোর সঙ্গে বাস্তব জীবনের কোনো যোগসূত্র নেই। নতুন কোনো সম্পর্কে জড়াননি মামুনুর রশীদ, এমনকি বিয়েও করেননি তিনি। মূলত একটি নাটকের দৃশ্য ধারণের সময় তোলা ছবিই পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। নাটকটির নাম ‘আমরা ভাইরাল’। এটি একটি ধারাবাহিক নাটক। বাংলাদেশের সাম্প্রতিক সময়ে আলোচিত ও ভাইরাল হওয়া বেশ কিছু চরিত্রকে কেন্দ্র করে এগিয়েছে এর গল্প। নাটকটির একটি চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ। তার বিপরীতে রয়েছেন প্রিসিলা ডি কস্তা। নাটকের গল্পে দেখা যাবে, নিজের চেয়ে অনেক কম বয়সি এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন মামুনুর রশীদের চরিত্রটি। একপর্যায়ে পরিবারের আপত্তি উপেক্ষা করে ওই তরুণী তার হাত ধরে বাড়ি ছাড়েন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক কনটেন্ট তৈরি করতে শুরু করেন তারা। তাদের এমন কর্মকাণ্ডে মানুষের মধ্যে যেমন কৌতূহল তৈরি হয়, তেমনি সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিরক্তিও বাড়তে থাকে। আল আমিন স্বপনের লেখা গল্পে নাটকটি নির্মাণ করেছেন পরিচালক সাজিন আহমেদ বাবু। ছবিটি নিয়ে ছড়িয়ে পড়া আলোচনার বিষয়ে নির্মাতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, মামুন ভাইয়ের সঙ্গে প্রিসিলার সুইমিংপুলের ছবিটি আমার পরিচালিত নাটকটিরই একটি দৃশ্য। বেশ কয়েক দিন ধরে দেখলাম, ছবিটি নিয়ে নেতিবাচক চর্চা হচ্ছে। অনেকে ছবিটির নেপথ্যের রহস্য না জেনেই নানা মন্তব্য করছেন। নাটকটির গল্প প্রসঙ্গে তিনি আরও বলেন, সমাজের আলোচিত ও সমালোচিত বিভিন্ন ভাইরাল চরিত্র নিয়ে নাটকটি বানিয়েছি। এতে তরুণ ও গুণী শিল্পীরা অভিনয় করেছেন। হাস্যরসের পাশাপাশি নাটকটিতে কিছু বক্তব্যও রয়েছে। আশা করছি, দর্শকদের এটি ভালো লাগবে। নাটকটিতে অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে মামুনুর রশীদ বলেন, নাটকের গল্পটি অন্যরকম। হাস্যরসের মধ্য দিয়ে দর্শকদের আনন্দ দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমাদের চারপাশের পরিচিত কিছু বিষয়কে নির্মাতা ভিন্নভাবে তুলে ধরেছেন। অনেক দিন পর এ ধরনের একটি গল্পে অভিনয় করেছি। আশা করছি, নাটকটি দর্শকদের ভালো লাগবে। হাসির পাশাপাশি গল্পের বিষয়গুলোও তারা উপভোগ করবেন। ‘আমরা ভাইরাল’-এ মামুনুর রশীদ ও প্রিসিলা ডি কস্তা ছাড়াও অভিনয় করেছেন আবু হুরাইরা তানভীর, মৌসুমী হামিদ, শাকিলা পারভিন, নাজনিন চুমকি, ফারজানা চুমকি, শেহজাদ ওমর, আ আ সোহাগ, মারুফ মিঠু, পারভেজ সুমন, সুজাত শিমুল, স্যামন্তি ডি-কস্তা, খায়রুল আলম টিপু, দিলরুবা তুশি, রিপা রঞ্জনা, টুনটুনি সোবহান, বিটলু শামীম, হানিফ পালোয়ান, ইমরান হাসু, পঙ্কজ মজুমদার, হাসিমুন, শেখ পূর্ণতা, সুলতানা রাজিয়া সুমি, হাসিবুল হক হেলাল, শফিকুল ইসলাম, মহসিন আকাশ, আহসান কবির, মুন ও অরুনাভ। নির্মাতা জানিয়েছেন, নাটকটির শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। শিগগিরই এটি বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে।