আত্রাইয়ে সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি
নাসির উদ্দিন, উপজেলা সংবাদদাতা, আত্রাই, নওগাঁ
নওগাঁর আত্রাইয়ে সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সরকার গঠিত পে কমিশনের সুপারিশ কৃত বৈষম্যহীন ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সরকারি কর্মচারীরা।
বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, আত্রাই উপজেলা শাখার ব্যানারে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
আন্দোলনরত কর্মচারীরা জানান, সরকার কর্তৃক গঠিত পে-কমিশনের সুপারিশ অনুযায়ী দ্রুত ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ করতে হবে। এছাড়াও ৭ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের এই শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অবস্থান ধর্মঘট আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত চলবে।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সময়ে পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে জীবনযাত্রার মান বজায় রাখতে পে-স্কেল বাস্তবায়ন এখন সময়ের দাবি। দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি আসতে পারে বলে হুঁশিয়ারি দেন তারা। কর্মসূচিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা উপস্থিত ছিলেন।
