বিসিবিকে সুখবর দিল আইসিসি


বিসিবিকে সুখবর দিল আইসিসি
বিসিবিকে সুখবর দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-আইসিসি। তারা জানিয়েছে, চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেললেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে কোনো আর্থিক, ক্রীড়াগত বা প্রশাসনিক শাস্তি নেওয়া হবে না। সোমবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে আইসিসি। আইসিসি জানায়, ভারত ও শ্রীলঙ্কায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের জন্য বিসিবিকে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করা হবে না। একই সঙ্গে তারা পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গেও আলোচনা করেছে বলে জানানো হয়। আইসিসি বলেছে, বিসিবির পাশাপাশি পিসিবির সঙ্গেও তারা ‘খোলামেলা, গঠনমূলক ও সৌহার্দ্যপূর্ণ আলোচনা’ করেছে। সেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬সহ দক্ষিণ এশিয়ার ক্রিকেটের সামগ্রিক ভবিষ্যৎ নিয়ে কথা হয়েছে। বাংলাদেশ দলের বিশ্বকাপে না থাকা প্রসঙ্গে আইসিসি আবারও স্পষ্ট করেছে, বিসিবি তাদের পূর্ণ সদস্য হিসেবেই থাকবে। এই সিদ্ধান্তের কারণে বাংলাদেশের ক্রিকেটের ওপর দীর্ঘমেয়াদি কোনো প্রভাব পড়বে না বলেও আশ্বাস দেওয়া হয়েছে। আইসিসির বিবৃতিতে বলা হয়, ‘এটি স্বীকার করা হচ্ছে যে বিসিবির চাইলে বিরোধ নিষ্পত্তি কমিটিতে যাওয়ার অধিকার রয়েছে। বর্তমান আইসিসি নিয়ম অনুযায়ী এই অধিকার বহাল থাকবে।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘আইসিসির অবস্থান নিরপেক্ষতা ও ন্যায্যতার নীতির ওপর ভিত্তি করে। আমাদের লক্ষ্য শাস্তি দেওয়া নয়, বরং সহযোগিতামূলক সমাধান।’ আইসিসি আরও জানিয়েছে, ২০৩১ সালের মেনস ক্রিকেট বিশ্বকাপের আগে বাংলাদেশ একটি আইসিসি ইভেন্ট আয়োজন করবে। এই বিশ্বকাপটি বাংলাদেশ ও ভারতের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হওয়ার কথা। আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্ত বলেন, ‘আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি দুঃখজনক। তবে এতে বাংলাদেশের প্রতি আইসিসির দীর্ঘদিনের অঙ্গীকার বদলাবে না।’ তিনি বলেন, ‘আমাদের মনোযোগ থাকবে বিসিবিসহ সব অংশীদারের সঙ্গে কাজ করার ওপর, যেন দেশে ক্রিকেট টেকসইভাবে এগোয় এবং খেলোয়াড় ও সমর্থকদের জন্য ভবিষ্যৎ সুযোগ আরও শক্ত হয়।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশের ক্রিকেট ইকোসিস্টেম সবসময়ই আমাদের কাছে অগ্রাধিকার পায়। সাময়িক বাধায় এতে মোটেও ছেদ পড়বে না।’