সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় ঈদ উদযাপন


সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় ঈদ উদযাপন
সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় ঈদ উদযাপন করা হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হাজার হাজার মানুষ এদিন ঈদের জামাতে অংশ নেন। আজ শুক্রবার (২০ মার্চ) সকালে ঈদুল ফিতরের নামাজ আদায়ের মাধ্যমে ঈদ উদযাপন শুরু করেন তারা। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। অনেকেই পরিবার-পরিজনের সঙ্গে দিনটি উদযাপন করছেন উৎসবের আমেজে। ঈদুল ফিতর উপলক্ষে সকাল সাড়ে ৯টায় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন দরবারের বর্তমান পীর মুফতি জাকারিয়া চৌধুরী আল মাদানী। ঈদ উদযাপনকারী গ্রামগুলোর মধ্যে রয়েছে- হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপুর ও বাসারা; ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা ও গোবিন্দপুর; মতলব উপজেলার দশানী, মোহনপুর, পাঁচানীসহ কচুয়া ও শাহরাস্তি উপজেলার বেশ কয়েকটি গ্রাম। এছাড়া আরও যেসব এলাকায় আজ উদযাপিত হয়েছে- ফতুল্লা নারায়ণগঞ্জের ফতুল্লার লামাপাড়া এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে। এদিন সকাল সাড়ে ৯টায় হযরত শাহ্ সুফী মমতাজিয়া এতিমখানা ও হেফজখানা মাদরায়সায় ‘জাহাগিরিয়া তরিকার’ অনুসারীরা ঈদের নামাজ আদায় করেন এবং ঈদ উদযাপন করেন। জামাতের ইমামের দায়িত্ব পালন করেন মুফতি মাওলানা শাহাবুদ্দিন। জামাতে গাজীপুরের টঙ্গী, ঢাকার কেরানীগঞ্জ, পুরাতন ঢাকা, ডেমরা, সাভার এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, রূপগঞ্জ, বন্দর, আড়াইহাজার ও সোনারগাঁ উপজেলা থেকে মুসল্লিরা অংশ নেন। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহ, দেশের শান্তি কামনায় বিশেষ দোয়া এবং মোনাজাত করা হয়। ভোলা সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগেই ভোলায় পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন ১০টি গ্রামে বসবাসরত প্রায় ১৫ হাজার মুসল্লি। শুক্রবার সকাল ৯টায় ঈদুল ফিতরের সবচেয়ে বড় জামায়াত অনুষ্ঠিত হয়েছে বোরহানউদ্দিনের মনিরাম গ্রামের পঞ্চায়েত ও মজনু মিয়া বাড়ি মসজিদ প্রাঙ্গণে। পঞ্চায়েত বাড়ির ঈদের নামাজের ইমামতি করেন মাওলানা মো. আলী আকবর। জানা গেছে, ভোলার সাত উপজেলার মধ্যে ভোলা সদর উপজেলা, দৌলতখান, বোরহানউদ্দিন, তজুমুদ্দিন, লালমোহন, চরফ্যাশন ও মনপুরা উপজেলার ১০টি গ্রামে প্রায় ১৫ হাজার সাতকানিয়া মির্জাখালী দরবার, সুরেশ্বর দরবার শরীফ, মাইজভান্ডার, আটরশি ও দুদুমিয়া দরবারের অনুসারী রয়েছেন। লক্ষ্মীপুর সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুরে ১১টি গ্রামের সহস্রাধিক মানুষ ঈদুল ফিতর উদযাপন করছেন। আজ সকাল সাড়ে ৭টায় রামগঞ্জ উপজেলার খানকায়ে মাদানিয়া কাসেমিয়া মাদরাসায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। জানা গেছে, জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারো ঘরিয়া, হোটাটিয়া, শরশোই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপাসহ ১১টি গ্রামের প্রায় সহস্রাধীক মুসল্লী ঈদ উদযাপন করছেন। এছাড়াও এসব গ্রামের প্রায় সহস্রাধিক মুসল্লি পৃথক পৃথকভাবে স্ব স্ব ঈদগা মাঠে ঈদের নামাজ আদায় করেন। কুড়িগ্রাম সৌদি আরবের সঙ্গে মিল রেখে কুড়িগ্রামের ফুলবাড়ী,রৌমারীসহ পাঁচ উপজেলার ছয়টি গ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের জেলেপাড়া আহলে হাদিস জামে মসজিদ প্রাঙ্গণে সকাল ৮টা ৪৫ মিনিটে ঈদের জামায়ত অনুষ্ঠিত হয়। এতে শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। ঈদের জামায়াতের ঈমামতি করেন মাওলানা আব্দুল মালেক। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মৌলভীবাজার সৌদি আরবের সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে ঈদুল ফিতরের উদযাপন করেছেন শতাধিক নারী-পুরুষ। আজ সকাল ৭টায় মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকার এক বাড়ির আঙিনায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন আব্দুল মাওফিক চৌধুরী। দীর্ঘ প্রায় ২০ বছর থেকে এভাবে এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। সাতক্ষীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার প্রায় ২০টি গ্রামের মানুষ আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে। আজ সকাল ৮টায় সদর উপজেলার কুশখালী বাউকোলা এলাকায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। কুশখালী বাউকোলা মসজিদে অনুষ্ঠিত এই প্রধান জামাতে ইমামতি করেন মাওলানা মহব্বত আলী। এতে সদর উপজেলার ঘোনা, ভাড়ুখালী, মিরগিডাঙ্গা ও কলারোয়া উপজেলার ইসলামকাটি, গোয়ালচত্বর, ভাঁদড়া এবং পাইকগাছাসহ আশপাশের অন্তত ২০টি গ্রামের মানুষ অংশ নেন। গলাচিপা গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফুলখালি গ্রামের গাজী বাড়ি শাহ্ সুফি মমতাজিয়া জামে মসজিদে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেছেন মাওলানা মো. আল আমিন। এ গ্রামের শতাধিক পরিবার এ ঈদ উদযাপন করেন। ঈদের নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হয়। বোয়ালমারী ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১০টি গ্রামে প্রতিবছরের মতো এবারও একদিন আগেই পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা শুরু ও শেষ করার ঐতিহ্য ধরে রেখেছেন এসব গ্রামের বাসিন্দারা। আজ সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়ে বেলা সোয়া ১০টার মধ্যে পর্যায়ক্রমে ঈদের জামাত অনুষ্ঠিত হয় বোয়ালমারীর সহস্রাইল দায়রা শরীফ, রাখালতলি ও মাইটকুমরা মসজিদে। বেতাগী সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে বরগুনার বেতাগীর ১০টি গ্রামের অন্তত ৫ হাজার মানুষ ঈদুল ফিতর উদযাপন করেছেন। আজ সকাল সাড়ে আটটায় বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের মধ্য বকুলতলী গ্রামের মল্লিক বাড়ি জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। বিভিন্ন বয়সী শতাধিক মানুষ এ ঈদের নামাজে অংশগ্রহণ করেন। এছাড়াও বেতাগী উপজেলার সদর ইউনিয়নের লক্ষ্মীপুরা, কাজিরাবাদ, বকুলতলী, হোসনাবাদ, ছোপখালী গ্রামসহ ১০টি গ্রামের অন্তত ৫ হাজার মানুষ ঈদুল ফিতর উদযাপন করছেন। নাজিরপুর সৌদি আরবের সঙ্গে মিল রেখে পিরোজপুরের নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের ৩৫ পরিবার ঈদ পালন করেছেন। আজ সকালে আল-আমিন জামে মসজিদে ঈদের নামাজ আদায়ের করেন ওই গ্রামের মানুষ। কটিয়াদী কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের বাহেরচর গ্রামে প্রতিবছরের মতো এবারও মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে একদিন আগেই ঈদুল আজহা উদযাপন করা হয়েছে। আজ সকাল ১০টার দিকে বাহেরচর মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। জামাতে আশপাশের উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত শতাধিক মানুষ অংশ নেন। ঈদ জামাতের ইমামতি ও খুতবা পাঠ করেছেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবারের মাওলানা মোরশেদুর রহমান।