লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে স্বজনদের হামলায় প্রাণ গেল একজনের
অনলাইন নিউজ ডেক্স
লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় তাজুল ইসলাম (৬০) নামে একজন নিহত হয়েছে। আজ সোমবার দুপুরে রামগঞ্জ উপজেলার ভোলাকোর্ট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তাজুল ইসলামের বাড়ি উপজেলার ১০ নং ভাটরা ইউনিয়নের হীরাপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে তাজুল ইসলামের স্ত্রী ফাতেমা বেগমের পৈতৃক সূত্রে পাওয়া ৭ শতাংশ জমির মালিকানা বুঝে নিতে ভোলাকোট ইউনিয়নের তোরাব মিজিবাড়িতে যান। এ সময় তার ভায়রা নুর ইসলাম ও তার দুই ছেলে মাহফুজ ও শুক্কুরসহ একই বাড়ির আরও কয়েকজন মিলে তাজুলের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন তাজুল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বজনেরা জানায়, ওই জমি নিয়ে ১০ বছর ধরে জেলা আদালতে মামলা চলমান রয়েছে। জমি নিয়ে দু-পক্ষের মধ্যে ঝগড়া লেগে ছিল। উভয়পক্ষ নিকটাত্নীয়। সোমবার দুপুরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে প্রতিপক্ষ তাজুল ইসলামের ভায়রা নুর ইসলাম ও তার দুই ছেলে মিলে তার ওপর হামলা চালায়। তাদের হামলায় তাজুল ইসলাম নিহত হন।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।
