নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যা।


নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যা।
নওগাঁর নিয়ামতপুরে বাহাদুরপুর ইউনিয়নে দুই সন্তানসহ একই পরিবারের চার সদস্যকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতে বাহাদুরপুর গ্রামে এই বর্বরোচিত ঘটনা ঘটে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেন নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান। নিহতরা হলেন— হাবিবুর রহমান (৩৫), তাঁর স্ত্রী পপি খাতুন (৩০), পারভেজ (১০) এবং সাদিয়া আক্তার (৩)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাকাতির উদ্দেশ্যে দুর্বৃত্তরা ওই বাড়িতে ঢুকেছিল। পরিচয় প্রকাশ হওয়ার আশঙ্কায় ওই বাড়ির কর্তাসহ পরিবারের অন্য সদস্যদের হত্যা করে তারা। নিহত ব্যক্তিদের মধ্যে হাবিবুর ও তাঁর স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাঁদের সন্তান পারভেজ ও সাদিয়াকে মাথায় আঘাত করে হত্যা করা হয়। পারভেজ বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করত। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরের ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায় এবং সবাইকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। মঙ্গলবার সকালে প্রতিবেশীরা বাড়িতে গিয়ে রক্তাক্ত মরদেহগুলো পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে নিয়ামতপুর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহগুলো মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, ‘একই পরিবারের চারজনকে অত্যন্ত নির্মমভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ একই পরিবারের শিশুসহ চারজনকে এভাবে হত্যার ঘটনায় পুরো বাহাদুরপুর গ্রাম তথা উপজেলায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।