ভাঙ্গা টোল প্লাজায় ১০০ বোতল স্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার!!
ইসমাইল হোসেন মোল্লা, উপজেলা প্রতিনিধি, ভাঙ্গা, ফরিদপুর
ভাঙ্গা টোল প্লাজা এলাকা থেকে ১০০ বোতল স্কাফ সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-ফরিদপুর (র্যাব-১০)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, শুক্রবার (২২ মে ২০২৬) বিকেল আনুমানিক ৫টা ৫০ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ২২মে বিকেল সাড়ে ৪টার দিকে ভাঙ্গা টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি মোটরসাইকেল তল্লাশি করা হয়।
তল্লাশিতে ১০০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা। ঘটনাস্থল থেকে মো. সাইফুল ইসলাম (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি পিরোজপুর জেলার নেছারাবাদ থানার সুটিয়াকাঠি এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে বলে জানা গেছে। পরে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে স্কাফ সিরাপসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।
উদ্ধারকৃত মাদক, আটক ব্যক্তি ও জব্দকৃত মোটরসাইকেল আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব আরও জানায়, মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নে তারা কঠোর অবস্থানে রয়েছে।
