নওগাঁর নিয়ামতপুরে ৯০ কেজি গাঁজাসহ দুইজন আটক।


নওগাঁর নিয়ামতপুরে ৯০ কেজি গাঁজাসহ দুইজন আটক।
নওগাঁর নিয়ামতপুর থানা পুলিশ ৯০ কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে। আটককৃত ব্যক্তিরা হলেন উপজেলার পাড়ইল ইউনিয়নের এজামুল হকের ছেলে হামেদুল ইসলাম (৩৫) ও একই গ্রামের মৃত আজিমুদ্দিনের ছেলে মো. রশিদ (৪৪)। এ বিষয়ে নওগাঁ পুলিশ সুপার তারিকুল ইসলাম নিয়ামতপুর থানায় প্রেস ব্রিফিং করেন। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমানের নেতৃত্বে এসআই আরিফুল ইসলাম, এএসআই সিদ্দিকুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ ৮ জুন সোমবার ভোরে উপজেলার পাড়ইল ইউনিয়নের তুলারবাঐল গ্রামে এজাবুল হকের ছেলে হামেদুল ইসলামের বসতবাড়ীর দক্ষিণ দুয়ারী ঘর থেকে তিনটি পাটের বস্তার ভেতর থেকে প্রতি বস্তা ৩০ কেজি করে মোট ৯০ কেজি গাঁজা (যার আনুমানিক মূল্য ৩৬ লক্ষ টাকা) উদ্ধার করা হয়। একইসঙ্গে হামেদুল ইসলাম ও সহযোগী মো. রশিদকে আটক করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রেস ব্রিফিংয়ে নওগাঁ পুলিশ সুপার তারিকুল ইসলাম সাংবাদিকদের জানান, এ গাঁজা ব্যবসার মূল হোতা হামেদুল ইসলাম। তাকে আটক করার পর তার তথ্য অনুযায়ী তার সহযোগী মো. রশিদকে আটক করা হয়। তারা নিজ বাড়িতে গাঁজা রেখে বিভিন্ন স্থানে সরবরাহ করতো। এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, ৯০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিয়ামতপুর থানায় একটি মাদকদ্রব্য আইনে আটককৃত দুই মাদক কারবারীর নামে মামলা দায়ের করা হয়েছে।