বজ্রপাত প্রতিরোধে হরিনাকুন্ডুতে খেজুর ও তালের চারা রোপন


বজ্রপাত প্রতিরোধে হরিনাকুন্ডুতে খেজুর ও তালের চারা রোপন
ঝিনাইদহের হরিনাকুন্ডু পৌর প্রশাসকের উদ্দ্যোগে তাল ও খেজুরের চারা রোপন করা হয়েছে। সোমবার ০৮ জুন হরিনাকুন্ডু পৌর সভার প্রধান সড়কে এসব চারা রোপন করা হয়েছে। তাল ও খেজুরের গাছ রোপন কর্মসুচীর উদ্ভোধন করেন হরিনাকুন্ডু পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ রায় দীপন। হরিনাকুন্ডু পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ রায় দীপন সাংবাদিকদের জানান, বজ্রপাত প্রতিরোধ ও গ্রামীণ ঐতিহ্য ফিরিয়ে আনতে হরিনাকুন্ডু পৌর প্রশাসকের উদ্যোগে তাল ও খেজুর গাছের চারা রোপন কার্যক্রম শুরু হয়েছে। পৌর এলাকার বিভিন্ন সড়ক, মহাসড়ক, খালি জায়গায় এই চারাগুলো রোপণ করা হচ্ছে। এই বৃক্ষরোপণ কর্মসূচীর উল্লেখযোগ্য দিকগুলো হলো উন্মুক্ত স্থান পৌর শহরের প্রধান সড়কগুলোর দুই পাশ, পুকুরপাড়, বর্জ্য ব্যবস্থাপনা এলাকা এবং বিভিন্ন ফাঁকা জায়গায় এই চারাগুলো রোপন করা হচ্ছে। এছাড়াও হরিনাকুন্ডু পৌরসভাকে পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি, তীব্র রোদে পথচারীদের ছায়া দেওয়া, মিষ্টি রস ও গুড় উৎপাদনের ধারাবাহিকতা রক্ষা করা, তাল গাছের মাধ্যমে বজ্রপাতের ঝুঁকি কমানো এবং মাটির ক্ষয় রোধে টেকসই খেজুর গাছের চারা রোপণ করা হয়।কাজ শেষ না হওয়া পর্যন্ত এই কর্মসূচী অব্যহত থাকবে বলেও জানান ঐ শীর্ষ কর্মকর্তা। এদিকে হরিনাকুন্ডু পৌর ইন্জিনিয়ার আক্তারুজ্জামান কাজল বলেন, এই কার্যক্রমকে সামাজিক আন্দোলনের রূপ দিতে হরিনাকুন্ডু পৌর প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পরিবেশবাদী সংগঠন ও সাধারণ মানুষকে চারা রোপণ ও সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগ স্থানীয় জীববৈচিত্র্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় দীর্ঘমেয়াদী ভূমিকা রাখবে বলে আশা রাখেন এবং গাছের চারা রোপন শেষ না হওয়া পর্যন্ত কাজ চলমান থাকবে বলেও জানান। এসময়ে উপস্থিত ছিলেন হরিনাকুন্ডু পৌর ইন্জিনিয়ার আক্তারুজ্জামান কাজল ও পৌর সচিব গাজী আবুল কাশেম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।