এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী
অনলাইন নিউজ ডেক্স
এবারের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া ৩ লাখ ৬৫ হাজার ৯১১ জন পরীক্ষার্থী সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম পূরণ সম্পন্ন করেছেন। মোট ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থী এক ও দুই বিষয়ে অকৃতকার্য হয়েছিলেন। ফল প্রকাশের এক মাসের মধ্যে এই পরীক্ষার সুযোগ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
পরীক্ষা নিয়ন্ত্রক বোর্ডগুলোর তথ্য অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। নিয়মিত ও অনিয়মিত উভয় ধরনের অকৃতকার্য শিক্ষার্থীরাই এতে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। ফরম পূরণের সময় শেষ হয়েছে ৯ নভেম্বর এবং ফি জমা দেওয়ার শেষ সময় ছিল ১০ নভেম্বর।
শিক্ষা বোর্ডের পরিসংখ্যান বলছে, আবেদনকারীদের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে সর্বোচ্চ ৭১ হাজার ১৬৭ জন এবং বরিশাল শিক্ষা বোর্ডে সর্বনিম্ন ১৪ হাজার ৪০৬ জন পরীক্ষার্থী রয়েছেন। এছাড়া রাজশাহী বোর্ডে ৪৭ হাজার ৮৬৯ জন, যশোর বোর্ডে ৩৯ হাজার ২৩২ জন, দিনাজপুর বোর্ডে ৩৭ হাজার ৯১১ জন, চট্টগ্রাম বোর্ডে ৩১ হাজার ৫৪১ জন, কুমিল্লা বোর্ডে ২৭ হাজার ৬৫৩ জন, সিলেট বোর্ডে ২১ হাজার ৪২০ জন ও ময়মনসিংহ বোর্ডে ২১ হাজার ৩১৮ জন শিক্ষার্থী আবেদন করেছেন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ১৮ হাজার ৬৪০ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৩৪ হাজার ৭৫৪ জন পরীক্ষার্থী সম্পূরক পরীক্ষায় অংশ নেবেন।
গত ৩১ অক্টোবর প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে ১১টি শিক্ষা বোর্ডের ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন পাস করেছেন। গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন। সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা যাতে পরবর্তী শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পান, সেই লক্ষ্যেই শিক্ষা বিভাগ এই আয়োজন করেছে।
