ইরানের নজরদারি ড্রোন ভূপাতিত, হরমুজ বন্ধের হুমকি


ইরানের নজরদারি ড্রোন ভূপাতিত, হরমুজ বন্ধের হুমকি
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে একটি নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। শনিবার ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম এ তথ্য নিশ্চিত করেছে। দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি জানিয়েছেন, শত্রুপক্ষ হামলা চালালে ইরান কালক্ষেপণ ছাড়াই তার জবাব দেবে। বিজ্ঞাপন মেজর জেনারেল আমির হাতামি আরও দাবি করেন, ওমান উপসাগর ও হরমুজ প্রণালিতে ইরানের নৌবাহিনী ও সশস্ত্র বাহিনী যৌথভাবে যুক্তরাষ্ট্রকে বারবার পরাজিত করেছে। তেহরানের দেওয়া শর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত এই সমুদ্রপথটি বন্ধ রাখার বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে হরমুজ প্রণালির পূর্ব অংশে একটি তেলের ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানের নৌবাহিনী। দেশটির মেহর বার্তা সংস্থার তথ্যানুযায়ী, তিনটি তেলবাহী ট্যাংকার নিয়ম ভঙ্গ করে ইরানের ঘোষিত ‘নিষিদ্ধ এলাকায়’ প্রবেশ করলে এই বিপত্তি ঘটে। ইরানের নৌবাহিনী জানায়, ওই তিনটি ট্যাংকারের মধ্যে একটি নৌ-মাইনের সঙ্গে ধাক্কা খেলে তাতে আগুন ধরে যায়। দুর্ঘটনার পর বাকি দুটি ট্যাংকার নিজেদের পথ পরিবর্তন করে পারস্য উপসাগরের দিকে ফিরে গেছে।