শাবিতে শিক্ষার্থীকে হল থেকে বের করে বহিষ্কার ছাত্রলীগের ২ কর্মী
অনলাইন নিউজ ডেক্স
হুমকি দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শাহপরান হলের আবাসিক শিক্ষার্থীকে বের করে দেওয়ার ঘটনায় ওই হলের দুই শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
বহিষ্কৃত দুই ছাত্রলীগ কর্মী হলেন- নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং ছাত্রলীগ কর্মী সাদ্দাম হোসেন পিয়াস ও সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী এবং ছাত্রলীগ কর্মী আশিকুর রহমান। এছাড়া এ ঘটনায় একজন শিক্ষার্থীকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তিনি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইফতেকার আহাম্মেদ রানা।
এর আগে গত রোববার বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী দেলোয়ার হোসেনকে হল থেকে বের করে দেওয়ায় তিনি তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেন। ওই অভিযোগে দেলোয়ার বলেন, শাহপরান হলের ২৩৯ নম্বর কক্ষের বৈধ শিক্ষার্থী তিনি। ১৪ ফেব্রুয়ারি রাতে হলের ওই কক্ষে ছাত্রলীগ কর্মী সাদ্দাম অতিরিক্ত শিক্ষার্থী থাকার জায়গা করেন। এতে স্বাভাবিক শিক্ষাজীবনে সমস্যা হলে দেলোয়ার প্রতিবাদ জানান। এ জন্য ২৪ ফেব্রুয়ারি রাতে বিছনাপত্রসহ দেলোয়ারকে হল থেকে বের করে দেওয়া হয়। এ সময় সাদ্দামের নেতৃত্বে ইফতেকার, আশিকুর, ইউসুফ এবং উজ্জলসহ প্রায় ১৫ জন মিলে বিভিন্ন ধরনের হুমকি দেন। এমন পরিস্থিতিতে দেলোয়ার নিরাপত্তা এবং হলের আসন নিশ্চিতে প্রক্টর ও প্রভোস্টের কাছে লিখিতভাবে অভিযোগ করে সহায়তা কামনা করেন।
এ বিষয়ে হল প্রভোস্ট মিজানুর রহমান খানকে ফোন দিলে তিনি সাড়া দেননি। তবে গত সোমবার অভিযোগের বিষয়ে কথা বললে তিনি বলেছিলেন, রাতেই তাকে আমরা হলে উঠিয়ে দিয়েছি। এ ঘটনা কেন ঘটলো তার তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
