অতিরিক্ত জেলা জজদের গাড়ি ও গানম্যান পাওয়া উচিত: আইনসচিব


অতিরিক্ত জেলা জজদের গাড়ি ও গানম্যান পাওয়া উচিত: আইনসচিব
রোববার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের শহীদ সোহেল আহমেদ ও জগন্নাথ পাঁড়ে মিলনায়তনে আয়োজিত এক স্মরণসভা ও মিলাদ মাহফিলে আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা প্রধান অতিথির বক্তব্য রাখেন। ২০০৫ সালের ১৪ নভেম্বর ঝালকাঠিতে জেএমবির হামলায় নিহত দুই বিচারকের স্মরণে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন এই অনুষ্ঠানের আয়োজন করে। বিজ্ঞাপন অনুষ্ঠানে আইনসচিব বলেন, ‘আজও আদালত এবং বিচারকদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত হয়নি। দুই মেধাবী বিচারক জীবন দিয়ে আমাদের নিরাপত্তার বিষয়টি দেখিয়ে গেছেন।’ তিনি আরও উল্লেখ করেন যে, বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত জেলা জজদের গাড়ি ও সার্বক্ষণিক গানম্যান দেওয়া উচিত। সভায় বক্তারা আদালত এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। ঢাকার সিএমএম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ সময় সম্প্রতি সিএমএম আদালত এলাকায় ককটেল হামলার বিষয়টি তুলে ধরেন। আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব আবদুল আউয়াল ২০০৫ সালের ১৪ নভেম্বরের ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে স্মৃতিচারণা করেন। তিনি দুই শহীদ বিচারকের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে রাষ্ট্রের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন। অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুই শহীদ পরিবারের হাতে অনুদানের চেক হস্তান্তর করা হয়। স্মরণসভায় আরও বক্তব্য রাখেন ঢাকার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম, মহানগর দায়রা জজ শাহজাহান কবির, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৪-এর বিচারক মুন্সী মশিয়ার রহমান এবং মুনতাসির আহমেদ।