কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ কর্মসূচি


কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ কর্মসূচি
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। এসময় তারা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে সড়কে আগুন জ্বালিয়ে অবস্থান নেন। আজ ১৭ই আগস্ট, সোমবার সকাল সোয়া ১০টার দিকে কাশিয়ানী উপজেলার সাম্পান রেস্টুরেন্টের সামনে এ কর্মসূচি পালন করেন কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা মিছিল নিয়ে ঢাকা-খুলনা মহাসড়কে অবস্থান নেন। এসময় তারা জামায়াত-শিবির ও বিএনপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে সড়কে গাড়ির টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। মহাসড়কে কয়েক ঘণ্টা বিক্ষোভ কর্মসূচি পালনের পর তারা ফিরে যান। এ সময়ের বিক্ষোভের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিক্ষোভের কারণে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। কাশিয়ানী থানার ওসি মো. মাহফুজুর রহমান বলেন, ‘হঠাৎ কয়েকজন ছাত্রলীগের নামধারী ব্যক্তি সড়কে ব্যানার নিয়ে মিছিল করেন এবং টায়ারে আগুন জ্বালিয়ে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হবে।’