পাঞ্জাবির নকশা থেকে ৩৫০ নারীর কর্মসংস্থান: জামালপুরের হেনার গল্প
অনলাইন নিউজ ডেক্স
রাজশাহী সিল্ক শাড়ির ওপর ট্রেসিং পেপার রেখে একটি ময়ূরের ছাপ দিচ্ছিলেন নাসিমুল। তাঁর পাশেই বসে নকশাটি লক্ষ করছিলেন কয়েকজন গৃহস্থ নারী। এই নকশা অনুসরণ করেই তাঁরা সুই-সুতায় বিভিন্ন রঙের কাপড়ে কারুকাজ করবেন। সব কাজ শেষ হলে সাধারণ এই শাড়ির আঁচলে চোখ ধাঁধানো রঙের পেখম মেলবে ময়ূর।
বিজ্ঞাপন
জামালপুর সদরের ‘মহৎ হস্তশিল্প’র তৈরি এই শাড়ি কয়েক হাত ঘুরে পৌঁছাবে রাজধানীর কোনো শৌখিন নারীর কাছে। নিপুণ নকশার এমন শাড়ি, থ্রি-পিস আর কাঁথা তৈরি করে ৩৫০ জন নারীর কর্মসংস্থান সৃষ্টি করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার হেনা খাতুন। হেনা জানান, ১৯৯৬ সালে মাত্র চারটি পাঞ্জাবি তৈরির মাধ্যমে যাত্রা শুরু করা ‘মহৎ হস্তশিল্প’র অধীনে বর্তমানে দুটি কারখানা চলছে। এর একটিতে সুই-সুতায় কারুকাজ করে পণ্য বিক্রির জন্য প্রস্তুত করা হয় এবং অন্যটিতে চলে ব্লক-প্রিন্টের কাজ। কারখানা দুটিতে কয়েকজন স্থায়ী কর্মী থাকলেও নকশি সেলাইয়ের মূল কাজগুলো গৃহস্থ নারীরা নিজেদের বাড়িতেই সম্পন্ন করেন। এই ব্যবসা থেকে বর্তমানে প্রতি মাসে গড়ে অর্ধলাখ টাকারও বেশি আয় হচ্ছে।
জামালপুর শহর থেকে ছয় কিলোমিটার দূরে নারকেলী বাজারের পাশে একটি ইট বিছানো রাস্তা ধরে এগোলেই চোখে পড়ে হেনা খাতুনের কারখানা। সেখানে খুচরা ক্রেতাদের শাড়ি, থ্রি-পিস ও কাঁথা দেখাচ্ছিলেন তিনি। ৫৮ বছর বয়সেও নিয়মিত কারখানায় এসে কাজের তদারকি করেন হেনা। কাজ চলাকালীন তিনি ছোটবেলার অর্থকষ্টের দিনগুলোর কথা স্মরণ করেন। প্রায় হতদরিদ্র পরিবারে জন্ম নেওয়া হেনার কিশোরীবেলা কেটেছে অভাবের মধ্য দিয়ে। ১৯৮৬ সালে এসএসসি পাস করার পর তিনি ব্র্যাকের একটি প্রকল্পে যোগ দেন। তখন বেতন পেতেন মাত্র ১ হাজার ২০০ টাকা। হেনা বলেন, ‘আমার বাবা খুব গরিব আছিলেন। সামান্য কিছু ধান পাইতাম। কিন্তু আমরা আট বোন, বড় সংসার। খুব কষ্ট হইতো চলতে। পরে বোনদের লেখাপড়া চালাইতে গিয়া চাকরিতে ঢুকলাম।’
হেনা আরও বলেন, ‘১৯৮৯ সালে বিয়া হইল। এখন স্বামীর কাছে থিকা টাকা নিয়া তো আর বাপ-বোনদের দেওয়া যায় না। তাই চাকরি চালাইয়া গেলাম। ব্র্যাকও আমাদের এলাকায় নারীদের হস্তশিল্পের কাজ শেখায়। ওইখানকার ডিজাইন সেকশনেও কয় বছর কাজ করছি। ওই শিক্ষাটাই আমাকে ব্যবসায় নামতে সহায়তা করছে।’ চাকরি করার সময় ব্র্যাক ও ব্র্যাক ব্যাংকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের সঙ্গে নিজের স্মৃতির কথা তুলে ধরে হেনা বলেন, ‘আবেদ ভাই অনেকবার জামালপুরে আসছেন। তখন রাস্তাঘাট অত ভালো ছিল না। তিনি এলে সবার সঙ্গে মিশতেন। কে পিয়ন, কে ম্যানেজার, কে রান্না করে—বাছবিচার করতেন না। সবাইকে সঙ্গে নিয়ে খেতে বসতেন। আমি অনেকগুলো জায়গায় আবেদ ভাইর সঙ্গে গেছি। ওনারে আমাদের সবাই ভালোবাসত।’
বিশ্বের অনেক বড় উদ্যোক্তার শুরুটা ছিল ছোট অর্ডার পাওয়ার মাধ্যমে, হেনার গল্পটাও অনেকটা তেমনই। ১৯৯৬ সালে ব্র্যাকে চাকরি করার সময় পরিচিত এক ব্যক্তির কাছ থেকে চারটি পাঞ্জাবি বানানোর অর্ডার পেয়েছিলেন তিনি। নিজে ডিজাইন করে এলাকার নারীদের দিয়ে কারুকাজ করিয়ে গ্রাহকের হাতে পাঞ্জাবিগুলো তুলে দিয়েছিলেন। হেনা জানান, প্রথম চারটি পাঞ্জাবি বিক্রি করে পেয়েছিলেন ৩ হাজার ২০০ টাকা। জামালপুরের গ্রামে সুই-সুতার কারুকাজে বানানো পাঞ্জাবির দাম ঢাকার শোরুমগুলোতে অনেক বেশি হলেও কারিগরেরা পেতেন অনেক কম মজুরি। ব্যবসার এই শূন্যস্থান পূরণ করতেই তিনি চাকরি ছেড়ে দেন এবং জন্ম হয় ‘মহৎ হস্তশিল্প’র।
বিজ্ঞাপন
ঢাকার অনেক নামীদামি ব্র্যান্ডের কাজও করেছেন জানিয়ে হেনা বলেন, ‘অনেক বছর আমি ঢাকার অনেক ব্র্যান্ডের কাপড় বানিয়ে দিয়েছি। তারা ডিজাইন করে দিত, আমি কাপড়ে সেই ডিজাইন বসিয়ে সেলাইয়ের কাজটা করতাম। আবার অনেক ক্ষেত্রে নিজেও ডিজাইন করতাম।’ ধীরে ধীরে ব্যবসা বড় হয় এবং ১২টি ক্লাস্টারের অধীনে কর্মীর সংখ্যা সাড়ে তিন শ ছাড়িয়ে যায়। বিক্রি বাড়তে থাকায় জামালপুর শহরেও কাপড়ের শোরুম দিয়েছিলেন হেনা। তবে কোভিডের সময় দীর্ঘদিন কেনাবেচা না থাকায় একপর্যায়ে শোরুমটি বন্ধ করতে হয়। সময়ের সঙ্গে ব্যবসার ধরন পাল্টে বর্তমানে তিনি নিজের ফেসবুক পেজ ও পরিচিত পাইকারি ব্যবসায়ীদের কাছে পণ্য বিক্রি করছেন।
মেয়েদের পোশাক বিক্রি করা কয়েকটি অনলাইন পেজ থেকেও তাঁর কারখানার পণ্য বিক্রি হয় বলে জানান হেনা। তিনি বলেন, ‘বর্তমানে আমি সিল্ক, বলাকা, সুতিসহ অনেক কাপড়েই সেলাইয়ের ডিজাইন করি। অনলাইন পেজগুলো নিজেরা যোগাযোগ করে আমার কাছ থেকে পাইকারিতে পণ্য কিনে নিয়ে যায়।
এ ছাড়া পরিচিত গ্রাহকেরা কারখানা থেকে কাপড়গুলো খুচরা কিনে নিয়ে যান।’ নারী উদ্যোক্তাদের জন্য ব্র্যাক ব্যাংকের নেওয়া বিভিন্ন উদ্যোগের মাধ্যমে বিক্রি বাড়াতে সক্ষম হয়েছেন বলে জানান তিনি। হেনা বলেন, ‘ব্র্যাক ব্যাংক বছরে কয়েকবার নারী উদ্যোক্তাদের মার্কেট এনলিস্টমেন্ট প্রোগ্রাম ও উদ্যোক্তা মেলার আয়োজন করে। এসব মেলায় আমি প্রতিবছর কয়েক লাখ টাকার কাপড় বিক্রি করি।
এই মেলাগুলো থেকে আমি নিয়মিত অনেক গ্রাহকও পেয়েছি। তাঁরা মেলার পরেও বিভিন্ন সময়ে আমার কাছ থেকে কাপড় নেন। ঢাকার এই মেলা আমার ব্যবসা বড় করতে সহায়তা করেছে।’
বিজ্ঞাপন
নিজে আয় করলেও হেনা খাতুনের একসময় ব্যক্তিগত কোনো সম্পদ ছিল না। সেই আক্ষেপ থেকে তিনি সম্পদ গড়ার পথ বেছে নেন। হেনার ভাষ্যমতে, ‘আমি আগে যে টাকা ইনকাম করতাম, পুরাটাই স্বামীর হাতে তুইলা দিতাম। কয়েক বছর পরে দেখলাম, যত জায়গা-জমি, সম্পত্তি কেনা হইতাছে, সবই আমার স্বামীর নামে। আমি তারে জিগাইলাম, টাকা তো আমিও দিতাছি, তাইলে আমার নামে কিছু নাই কেন? সে আমারে বলল, আমার যা আছে, তা-তো তোমরাই পাইবা, এই জন্য আলাদা করে কিছু করি নাই।’ তবে হেনার চিন্তার জগৎ ছিল ভিন্ন। তিনি বলেন, ‘আমাদের দেশের নারীদের অনেকেই আয়–রোজগার করলেও নিজের নামে কোনো সম্পদ থাকে না।’ এই ধারাবাহিকতা ভাঙতে চেয়েই তিনি স্বামীকে আয়ের টাকা দেওয়া বন্ধ করে নিজের নামে সম্পদ গড়া শুরু করেন।
