ক্রাইস্টচার্চ টেস্টের একাদশে জায়গা পাননি মোহাম্মদ সিরাজ। এ বিষয়ে ভারত টিম ম্যানেজমেন্ট আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যদি মনে হয় যে সে ফর্মে নেই, তবে (দলের) সঙ্গে রাখারও প্রয়োজন নেই।’ এছাড়া মোহাম্মদ কাইফ বলেন, ‘বিশ্বাস করা কঠিন, ভারতের অন্যতম প্রধান পেসার মোহাম্মদ সিরাজ আবারও বাদ পড়লেন। বিদেশে ভারতের টেস্ট বোলিং আক্রমণে প্রথম দিকের নামগুলোর একটি হওয়া উচিত সিরাজের।’ বিজ্ঞাপন ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিন শেষে নিউজিল্যান্ড ৫ উইকেটে ২৪৬ রান সংগ্রহ করেছে। ভারতের চার পেসারের মধ্যে আকাশ দীপ ভালো বোলিং করলেও অন্যদের পারফরম্যান্স হতাশাজনক। শুরুতে নিউজিল্যান্ডের দুই ওপেনার ২৬ ওভারে ৭৭ রানের জুটি গড়েন। প্রথম সেশনের শেষ বলে ৩১ রান করা কনওয়ে আউট হন। দ্বিতীয় সেশনে নিউজিল্যান্ড ১১০ রানে ৩ উইকেট হারালেও আকাশ দীপ ও অংশুল কম্বোজের বোলিংয়ের পরও ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। নিউজিল্যান্ডের হয়ে পঞ্চম উইকেটে ড্যারিল মিচেল ও টম ব্লান্ডেল ৭৪ রান যোগ করেন। ষষ্ঠ উইকেটে ব্লান্ডেল ও গ্লেন ফিলিপস অবিচ্ছিন্ন ৬২ রানের জুটি গড়েন। ৫০তম টেস্ট খেলতে নেমে ৫৩ রানে অপরাজিত আছেন ব্লান্ডেল এবং অধিনায়ক টম ল্যাথাম ৫৯ রান করেছেন। ভারতের দুশ্চিন্তার বড় কারণ যশপ্রীত বুমরা ১৯ ওভার অর্থাৎ ১১৪ বল করেও কোনো উইকেট পাননি। টেস্ট ক্যারিয়ারে এক দিনে উইকেট না পেয়ে এর চেয়ে বেশি ওভার কখনো বোলিং করেননি বুমরা। চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারতের হয়ে সর্বোচ্চ ৪৩ উইকেট সিরাজের। ১১ ম্যাচে এই উইকেট শিকার করা পেসারকে বাইরে রাখায় বুমরার ওপর চাপ বাড়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে, ক্রাইস্টচার্চ টেস্টে খেলতে নেমে ক্যারিয়ারের প্রথম ৩৩টি টেস্ট ভিন্ন ভিন্ন ভেন্যুতে খেলার বিশ্ব রেকর্ড গড়েছেন যশস্বী জয়সোয়াল। তিনি পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকারের ৩২টি টেস্টের রেকর্ড এবং ছুঁয়েছেন সঞ্জয় মাঞ্জরেকারকে।
অনলাইন নিউজ ডেক্স
ঢাকা থেকে গ্রামের বাড়ি ফেরার পথে গোপালগঞ্জে বাস থামিয়ে মো. সাব্বির খান নামে এক ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে গোপালগঞ্জের পুলিশ লাইন ও বেদগ্রাম এলাকার মাঝামাঝি স্থানে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. সাব্বির খান ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহসাধারণ সম্পাদক এবং ঝালকাঠির রাজাপুরের সাঙ্গর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিজ্ঞাপন
সাব্বির খান জানান, তিনি বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে ঢাকার নদ্দা থেকে ইমাদ পরিবহনের একটি বাসে পিরোজপুরের উদ্দেশে রওনা হন। যাত্রাপথে পাশের আসনে বসা এক ব্যক্তির সঙ্গে কথোপকথনের সময় তিনি নিজের রাজনৈতিক পরিচয় প্রকাশ করেন। ওই ব্যক্তি ফেসবুক পোস্ট দেখে সাব্বিরের ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত হন এবং বাসের পেছনে গিয়ে মুঠোফোনে কারও সঙ্গে যোগাযোগ করেন।
সাব্বির খানের ভাষ্যমতে, রাত আটটার দিকে গোপালগঞ্জের পুলিশ লাইন ও বেদগ্রাম এলাকার মাঝামাঝি স্থানে বাসটি থামানো হয়। এ সময় প্রায় ২০ জনের একটি দল বাসে উঠে তাঁকে নামিয়ে নিয়ে যায়। সাব্বিরের অভিযোগ, হামলাকারীদের কয়েকজনের কাছে অস্ত্র ছিল। তাঁকে অস্ত্রের মুখে জিম্মি করে লাঠি ও হকিস্টিক দিয়ে মারধর করা হয় এবং পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
হামলাকারীরা পিঠে অস্ত্র ঠেকিয়ে বিএনপি ও ছাত্রদলকে নিয়ে আপত্তিকর বক্তব্য দিতে বাধ্য করেন বলেও অভিযোগ করেন এই ছাত্রদল নেতা। সাব্বির বলেন, ‘পরে ওই বক্তব্যের ভিডিও ধারণ করে তাঁর নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়।’ এ সময় হামলাকারীরা তাঁর মুঠোফোন এবং সঙ্গে থাকা প্রায় ১৩ হাজার টাকা ছিনিয়ে নেয়।
সাব্বির জানান, কৌশলে হামলাকারীদের কাছ থেকে পালিয়ে তিনি পিরোজপুরে পৌঁছান। এরপর রাত সাড়ে ১২টার দিকে পিরোজপুর জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা হাসপাতালে ছুটে যান। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন ভিডিও কলে সাব্বিরের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান।
বিজ্ঞাপন
এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেন, ‘সাব্বিরের ওপর এ আঘাত শুধু তাঁর ব্যক্তিগত বিষয় নয়। এটি ছাত্রদলের ওপরও আঘাত।’ তিনি সাব্বিরের দ্রুত সুস্থতা কামনা করে ঘটনার বিচারের দাবি জানান। পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার জানান, গোপালগঞ্জে সাব্বিরকে বাস থেকে নামিয়ে মারধর ও ফেসবুকে বক্তব্য প্রকাশের ঘটনায় তাঁরা ক্ষুব্ধ। তিনি আরও জানান, সাব্বিরের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং কেন্দ্রীয় নির্দেশনা পেলে পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে।
পিরোজপুর সদর হাসপাতালের চিকিৎসক অসিত কুমার জানান, ‘বর্তমানে চিকিৎসাধীন সাব্বির খান কিছুটা সুস্থ হয়েছেন। তবে তিনি এ ঘটনায় আতঙ্কগ্রস্ত হওয়ায় মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত।’ পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, গোপালগঞ্জে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনের বিষয়টি তাঁরা জানতে পেরেছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন সাব্বির খানের সঙ্গে পুলিশের কথা হয়েছে। ওসি আরও বলেন, ‘এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
