চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন থেকে কর্মকর্তার লাশ উদ্ধার
অনলাইন নিউজ ডেক্স
চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন থেকে নরেন ধর নামে এক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খুলশী এলাকায় অবস্থিত ওই কার্যালয় থেকে লাশটি উদ্ধার করা হয়।
ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
খুলশী থানার ওসি মো. আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে দূতাবাস থেকে আমাদের খবর দেওয়া হয়। এরপর আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করেছে। তিনি যে কক্ষে থাকতেন সেই কক্ষের বাথরুমের সামনে তার লাশটি পড়েছিল। কক্ষে কিছু মেডিসিন ছিল। পাসপোর্ট ছিল। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। লাশের গায়ে কোনো ধরনের আঘাত বা অস্বাভাবিক কোনো চিহ্ন পাওয়া যায়নি।
ওসি আরও বলেন, তিনি স্ট্রোক করে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
নগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ (মিডিয়া ও জনসংযোগ) বলেন, নরেন ধর (৩৮) ভারতীয় সহকারী হাইকমিশনের প্রটোকল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।
