চাঁপাইনবাবগঞ্জে বিদেশি পিস্তল,গুলি ও ম্যাগাজিনসহ আটক ২
অনলাইন নিউজ ডেক্স
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ মোঃ রফিকুল (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে শিবগঞ্জ মডেল থানা পুলিশ। এ সময় তার সহযোগী মোঃ রুবেল ওরফে ডলারকে আটক করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ২টা ৫৫ মিনিটে শিবগঞ্জ উপজেলার মােনাকশা ইউনিয়নের সাহাপাড়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় ও শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে সাহাপাড়া বাজারের মোবাইল টাওয়ারের পশ্চিম পাশে মোস্তফা মার্কেটের পেছনে, সাহাপাড়া প্রি-ক্যাডেট স্কুলের পূর্ব পাশে স্কুলের বাথরুমের সামনে থেকে রফিকুলকে আটক করা হয়। পরে তার কোমর থেকে USA-তে তৈরি একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার রফিকুল শিবগঞ্জ উপজেলার তারাপুর পণ্ডিতপাড়া এলাকার মৃত আফসার আলীর ছেলে। তার সহযোগী রুবেল ওরফে ডলার একই উপজেলার তারাপুর মোড়লপাড়া এলাকার জাহাঙ্গীরের ছেলে। অভিযানে শিবগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর হরেন্দ্রনাথ দেবদাস, এএসআই মো. রেজাউল করিমসহ পুলিশের অন্যান্য সদস্যরা অংশ নেন। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে শিবগঞ্জ মডেল থানা পুলিশ।
