চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র যৌথ অভিযানে ১৯টি ককটেল সদৃশ বস্তু জব্দ।
অনলাইন নিউজ ডেক্স
গত ০৪ অক্টোবর ২০২৬ তারিখ আনুমানিক সকাল ০৯.১৫ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ রঘুনাথপুর বিওপি\'র টহলদল সীমান্ত হতে আনুমানিক ৩.০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দূর্লভপুর ইউনিয়নের খাকসাপাড়া গ্রামের বাসিন্দা মোঃ কালাম (৩০), পিতা-মোঃ মনিরুল, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ এর বাড়ির সামনে খড়ের স্তুপের নিচে ০১টি কালো বালতির ভিতর ককটেল সদৃশ বস্তু দেখতে পায়। এরপর উক্ত স্থানটি বিজিবি টহলদল ঘিরে রাখে ও চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানা পুলিশকে বিষয়টি অবহিত করে। পরবর্তীতে, শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে বিজিবি এবং শিবগঞ্জ থানা পুলিশ দল যৌথভাবে ১৯টি ককটেল উদ্ধার করে। উদ্ধারকৃত ককটেলের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে দুপুর ১৪.৩০ ঘটিকায় শিবগঞ্জ থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করাসহ সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সীমান্ত এলাকায় সবসময় নিরলসভাবে কাজ করছে।
