জনগণকে ভোগান্তিমুক্ত রাখতে কাজ করছে সরকার: তথ্যপ্রযুক্তিমন্ত্রী
অনলাইন নিউজ ডেক্স
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, দেশের মানুষকে ভোগান্তিমুক্ত রাখা এবং সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজিমুক্ত সমাজ গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য। তিনি বলেন, জনগণের সেবা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
রোববার (২২ মার্চ) মধুপুর উপজেলার টাঙ্গাইল জেলার আম্বাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও জানান, নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো তারেক রহমান-এর নেতৃত্বে ধারাবাহিকভাবে বাস্তবায়ন শুরু হয়েছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ, খাল খনন কর্মসূচি এবং দেশের বিভিন্ন বিমানবন্দর, রেলস্টেশন ও ট্রেনে বিনামূল্যে ইন্টারনেট সেবা চালু করা হয়েছে। এছাড়া সরকার গঠনের এক মাসের মধ্যেই বিএনপির ৩১ দফা কর্মসূচির বাস্তবায়ন শুরু হয়েছে।
তিনি জানান, আগামী ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকেই কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, আম্বাড়ীয়া উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন অবহেলিত ছিল। বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, জীর্ণ ব্রিজ সংস্কারসহ বিভিন্ন সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
