সড়কে ২৪ ঘণ্টায় ২৪ প্রাণহানি


সড়কে ২৪ ঘণ্টায় ২৪ প্রাণহানি

দেশের বিভিন্ন স্থানে গেল একদিনে পৃথক সড়ক দুর্ঘটনায় মোট ২৪ জনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হন আরও অনেকে।

এর মধ্যে কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় ১২ জন, ফেনীতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন, হবিগঞ্জে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে চারজন, নাটোর, সুনামগঞ্জ ও কুড়িগ্রামে একজন করে এবং কিশোরগঞ্জে দুই বন্ধু নিহত হয়েছেন।

কুমিল্লা

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে যাত্রীবাহী একটি বাসে মেইল ট্রেনের ধাক্কায় ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাতজন পুরুষ, তিনজন নারী ও দুই শিশু রয়েছে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার অজয় ভৌমিক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সালামত উল্লার ছেলে মো. বাবুল চৌধুরী (৫৩), ঝিনাইদহের মহেশপুরের পিন্টু মিয়ার স্ত্রী লাইজু আক্তার (২৬) ও তার দুই মেয়ে খাদিজা (৬) এবং মরিয়ম (৪), চুয়াডাঙ্গার জীবননগরের বিল্লাল হোসেনের ছেলে সোহেল রানা (৪৬), যশোরের চৌগাছার ফকির চাঁদ বিশ্বাসের ছেলে সিরাজুল ইসলাম (৬২) ও তার স্ত্রী কোহিনূর বেগম (৫৫), নোয়াখালীর সুধারাম এলাকার মোহাম্মদ সেলিমের ছেলে নজরুল ইসলাম রায়হান (৩৩), লক্ষ্মীপুর সদরের সিরাজউদ্দৌলার মেয়ে সায়েদা (৯), ঝিনাইদহ সদরের মুক্তার বিশ্বাসের ছেলে জোয়াদ বিশ্বাস (২০), মাগুরার মোহাম্মদপুর এলাকার ওহাব শেখের ছেলে ফচিয়ার রহমান (২৬) এবং চাঁদপুরের কচুয়া উপজেলার মমিনুল হকের ছেলে তাজুল ইসলাম (৬৮)।

গত শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় মামুন পরিবহনের একটি বাসকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মেইল ট্রেন ধাক্কা দিলে বাসটি প্রায় আধা কিলোমিটার দূরে ছিটকে যায়। প্রথমে সাতজনের মরদেহ উদ্ধার করা হলেও পরে মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়ায়।

ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ চালায়। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব উদ্ধার অভিযানে অংশ নেয়। সকাল ৮টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

ঘটনার পর রেলক্রসিংয়ের দুই গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে। নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান ঘোষণা করেছেন কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

হবিগঞ্জ

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। শনিবার (২১ মার্চ) দিবাগত রাতে ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী থাকলেও তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

মাধবপুর থানার এসআই ইউসুফ জানান, পিকআপ ভ্যানটি একটি পুকুরে পড়ে যায় এবং চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা পিকআপের চালক ও যাত্রী ছিলেন। মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ফেনী

ফেনীর রামপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। রোববার (২২ মার্চ) ভোর ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

মহিপাল হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ আসাদুল ইসলাম জানান, একটি অ্যাম্বুলেন্স ধীরগতিতে চলার সময় পেছন থেকে একটি বাস ধাক্কা দেয়। পরে যানজট তৈরি হলে দ্রুতগতির আরেকটি বাস এসে ধাক্কা দিলে সংঘর্ষটি আরও ভয়াবহ আকার ধারণ করে। এতে মোটরসাইকেল আরোহী, বাসের সুপারভাইজার ও এক যাত্রী নিহত হন।

কুষ্টিয়া

কুষ্টিয়ার কুমারখালীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে নয়ন শেখ (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। রোববার (২২ মার্চ) দুপুরে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নয়ন খোকসা উপজেলার মির্জাপুর গ্রামের বাসিন্দা এবং দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাটোর

নাটোরে বিয়ের আগের দিন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রকৌশলী জুলফিকার আলী (৩০)। রোববার (২২ মার্চ) দুপুরে বড়াইগ্রামের গড়মাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি পাবনার ঈশ্বরদী উপজেলার বাসিন্দা। বিয়ের প্রস্তুতির জন্য বাড়ি এসে বোন ও দুলাভাইকে আনতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে তার গাড়ি একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) বিকেলে দাড়িয়াকান্দি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- বিজয় (১৮) ও জাবির হোসেন (১৮)। আহত আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর পিকআপটি পালিয়ে যায়।

সুনামগঞ্জ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সাফিকুল ইসলাম (২৮) নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।

তার সঙ্গে থাকা আরও দুইজন আহত হন, তাদের একজনকে গুরুতর অবস্থায় সিলেটে পাঠানো হয়েছে।

কুড়িগ্রাম

কুড়িগ্রামে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে সাউদা খাতুন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২২ মার্চ) দুপুরে চর রাজিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় তার বাবা-মাও গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ :

দিঘারকান্দা খালের পুনঃখনন কাজ পরিদর্শন করলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক   দিঘারকান্দা খালের পুনঃখনন কাজ পরিদর্শন করলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক পাটগুদাম ব্রিজ মোড়ে যানজটে স্থবির জনজীবন: ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তি, নিরলস চেষ্টায় ট্রাফিক পুলিশ   পাটগুদাম ব্রিজ মোড়ে যানজটে স্থবির জনজীবন: ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তি, নিরলস চেষ্টায় ট্রাফিক পুলিশ ময়মনসিংহে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত   ময়মনসিংহে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত ময়মনসিংহে মাদ্রাসার শিক্ষার্থীদের মেধা অন্বেষণে সিটি কর্পোরেশনের বিশেষ উদ্যোগ   ময়মনসিংহে মাদ্রাসার শিক্ষার্থীদের মেধা অন্বেষণে সিটি কর্পোরেশনের বিশেষ উদ্যোগ ত্রিশালে দুই ফিলিং স্টেশনকে জরিমানা: জেলা প্রশাসনের বিশেষ অভিযান   ত্রিশালে দুই ফিলিং স্টেশনকে জরিমানা: জেলা প্রশাসনের বিশেষ অভিযান সততা ও মানবিকতার বাতিঘর বিদায় বেলায় ময়মনসিংহের প্রিয় মুখ এসপি রকিবুল আক্তার   সততা ও মানবিকতার বাতিঘর বিদায় বেলায় ময়মনসিংহের প্রিয় মুখ এসপি রকিবুল আক্তার শার্শার উলাশীর জিয়ার খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   শার্শার উলাশীর জিয়ার খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদ প্রকাশের পর ওসমানী মেডিকেলে পোকা নিধন কার্যক্রম শুরু   সংবাদ প্রকাশের পর ওসমানী মেডিকেলে পোকা নিধন কার্যক্রম শুরু