জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চান জামায়াতের নারী এমপি
অনলাইন নিউজ ডেক্স
জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চাইলেন জামায়াতের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রোকেয়া বেগম। তিনি বলেছেন, জুলাইকে মুছে ফেলতে পলাতক ফ্যাসিস্ট বাহিনী সামাজিক মাধ্যমে অতিমাত্রায় তৎপর। জুলাই যোদ্ধাদের ওপর নির্যাতন হুমকি স্মৃতিস্তম্ভ পুড়িয়ে ফেলার মত নেক্কারজনক ঘটনা ঘটছে। জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দেওয়া হলেও রাজনৈতিক সুরক্ষা দেওয়া হয়নি। এ ব্যাপারে আইনমন্ত্রীর কাছে একটি সুস্পষ্ট নির্দেশনা চাচ্ছি। জুলাইকে বাঁচাতে হলে জুলাই বিপ্লবের ইতিহাস, আহত যোদ্ধাদের কথা এবং শহীদের স্মৃতি সংরক্ষণে জাতি ও স্থানীয় পর্যায়ে জুলাই স্মৃতিসৌধ, জুলাই জাদুঘর, গবেষণাকেন্দ্র এবং ডিজিটাল আর্কাইভ প্রতিষ্ঠার জন্য বাজেট বরাদ্দ রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। যাতে আগামী প্রজন্ম সত্য ইতিহাস জানতে পারে।
মঙ্গলবার (২৩ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনে রোকেয়া বেগম আলোচনায় অংশ নিয়ে এ দাবি জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
এই বক্তব্যের জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, প্রতিটা আইনই এক একটি রাজনৈতিক দলিল। মন্ত্রী বলেন, তার প্রত্যেকটা কথাকেই আমরা শ্রদ্ধা জানাই। উনার প্রত্যেকটা আবেগকে আমরা নিজের আবেগ বলে ভাবি। উনার প্রত্যেকটা দাবিকে আমরা নিজের দাবি বলে মনে করি। তবে এখানে সুনির্দিষ্টভাবে তিনি আইনমন্ত্রীর কাছে একটা ব্যাখ্যা চেয়েছেন। জুলাই যোদ্ধাদের এবং জুলাইকে আমরা আইনি সুরক্ষঅ দিয়েছি। রাজনৈতিক সুরক্ষা দেওয়া হয়নি। তার আবেগের সঙ্গে ভেসে যেয়ে আমি বলছি প্রতিটা আইনই এক একটি রাজনৈতিক দলিল। প্রতিটা আইনই একটা পাবলিক পলিসি সরকারের। সরকারের পক্ষ থেকে যে সুরক্ষা দেওয়া সম্ভব, সেটা আইনি কাঠামোর মধ্যে এনেই দিতে হয়, আমরা তা দিয়েছি। ওটাই রাজনৈতিক সুরক্ষা হিসেবে বিবেচিত হবে। এর বাইরে তিনি যদি সুনির্দিষ্টভাবে বলেন সেটাও আমরা আইনি কাঠামোর মধ্যে এনেই সেই সুরক্ষা দিতে প্রস্তুত আছি।
এর আগে জামায়াতের এই সংসদ সদস্য বক্তব্যে তার ছোট্ট সন্তান শহীদ হওয়ার কথা জানান। তিনি বলেন, ৫ আগস্ট আমার ছোট্ট জাবির ইব্রাহিম গুলিবিদ্ধ হয় এবং অতিরিক্ত রক্তক্ষরণে শাহাদাত বরণ করে। আমার ছেলের মত অসংখ্য শহীদের রক্ত ও বীর সন্তানের অঙ্গহানি আর্তনাদে ভাসছে এই জাতীয় সংসদ। দীর্ঘ ১৭ বছরের জুলুম নির্যাতনের পর এই রক্তস্নাত জাতীয় সংসদে আবারও অধিবেশন চলছে।
