বিশ্লেষণ || নিজ দেশে ফেরার অধিকার: শেখ হাসিনার প্রত্যাবর্তনের প্রশ্নে আইন ও নজির কী বলে?
অনলাইন নিউজ ডেক্স
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, তিনি আগামী ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরতে চান। শুধু ফেরাই নয়, তিনি দেশে ফিরে আদালতের সামনে আত্মসমর্পণ করে চলমান আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে চান বলেও জানিয়েছেন। তাঁর এই ঘোষণার পর থেকেই রাজনৈতিক ও আইনি অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। রাজনৈতিক বিতর্কের বাইরে গিয়ে যদি আমরা কেবল মানবাধিকার ও আইনি দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিশ্লেষণ করি, তবে দেখা যায়—শেখ হাসিনার এই ইচ্ছার পেছনে দেশীয় ও আন্তর্জাতিক আইনের অত্যন্ত জোরালো ভিত্তি রয়েছে। কারণ, জন্মভূমিতে ফেরা যেকোনো নাগরিকের অলঙ্ঘনীয় অধিকার, যাকে কোনো যুক্তিতেই আটকে রাখা যায় না।
প্রশ্ন হলো, এ বিষয়ে আন্তর্জাতিক আইন আসলে কী বলছে? মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রের (UDHR) ১৩(২) ও ১৫ অনুচ্ছেদ অনুযায়ী, যেকোনো মানুষের নিজ দেশে ফেরার এবং নাগরিকত্বের অধিকার একটি মৌলিক মানবাধিকার। বাংলাদেশ ২০০০ সালে ‘ইন্টারন্যাশনাল কোভেন্যান্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস’ (ICCPR)-এ সই করেছে, ফলে এই চুক্তির শর্ত মানা রাষ্ট্রের জন্য বাধ্যতামূলক। চুক্তির ১২(৪) অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে, কোনো নাগরিককেই খেয়ালখুশিমতো তাঁর নিজ দেশে প্রবেশের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। ইউরোপীয় কনভেনশন থেকে শুরু করে আন্তর্জাতিক প্রথাগত আইন—সব জায়গাতেই এই অধিকারকে সুরক্ষিত করা হয়েছে।
অনেকে হয়তো প্রশ্ন তুলতে পারেন, পাসপোর্ট না থাকলে বা বাতিল হলে কী হবে? আন্তর্জাতিক আইন এ ক্ষেত্রে অত্যন্ত পরিষ্কার। রাষ্ট্র যেকোনো আইনি কারণে পাসপোর্ট বাতিল বা স্থগিত করতেই পারে, কিন্তু পাসপোর্ট বাতিল হওয়া মানেই কোনো ব্যক্তির নাগরিকত্ব বাতিল হয়ে যাওয়া নয়। পাসপোর্ট না থাকলেও ‘ট্রাভেল পাস’ বা অন্য কোনো জরুরি ভ্রমণ নথিপত্রের মাধ্যমে নাগরিককে দেশে ফেরার সুযোগ দিতে রাষ্ট্র বাধ্য। কোনো নাগরিককে নিজ দেশে ফিরতে না দিয়ে কার্যত ‘রাষ্ট্রহীন’ (Stateless) করে রাখাটা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।
বাংলাদেশের নিজস্ব সংবিধান ও প্রচলিত আইনি কাঠামোও এই অধিকারকে নিরঙ্কুশভাবে স্বীকৃতি দেয়। সংবিধানের ৩৬ অনুচ্ছেদ অনুযায়ী, প্রত্যেক নাগরিকের দেশে ফেরার অধিকার রয়েছে। জনস্বার্থ বা নিরাপত্তার কথা বলে রাষ্ট্র হয়তো কোনো অভিযুক্ত ব্যক্তি বিমানবন্দরে নামার পর তাঁর চলাফেরায় বিধিনিষেধ আরোপ করতে পারে বা তাঁকে সরাসরি গ্রেপ্তার করতে পারে। কিন্তু দেশে প্রবেশেই সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেওয়া বা বিমানবন্দর থেকে পুশব্যাক করা পুরোপুরি অসাংবিধানিক।
তাছাড়া, যেহেতু তিনি নিজেই ‘আদালতে আত্মসমর্পণ’ করার কথা বলেছেন, সেখানে সংবিধানের ৩৫ অনুচ্ছেদ এবং দেশের প্রচলিত ফৌজদারি কার্যবিধি (CrPC) চলে আসে। দেশের প্রচলিত আইন অনুযায়ী, একজন অভিযুক্ত যখন নিজেই বিচারের মুখোমুখি হতে চান, তখন তাঁকে দ্রুত ও নিরপেক্ষ বিচার পাওয়ার সুযোগ দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র কোনোভাবেই নাগরিকের সেই আইনি প্রক্রিয়ায় বাধা হয়ে দাঁড়াতে পারে না।
ইতিহাসের পাতা ঘাঁটলে এমন ঘটনার অসংখ্য নজির পাওয়া যায়। খোদ শেখ হাসিনাই ১৯৭৫ সালের পটপরিবর্তনের পর দীর্ঘ প্রবাস জীবন শেষে ১৯৮১ সালের ১৭ মে দেশে ফিরেছিলেন। বিশ্ব রাজনীতিতেও এমন উদাহরণ ভুরিভুরি। আট বছর নির্বাসনে থাকার পর ২০০৭ সালে দেশে ফিরেছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। তাঁর বিরুদ্ধে দেশে একাধিক মামলা, গ্রেপ্তারি পরোয়ানা এমনকি জীবনের তীব্র ঝুঁকি থাকা সত্ত্বেও রাষ্ট্র তাঁকে দেশে প্রবেশে বাধা দেয়নি। একই বছর আরেক সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকেও দেশে ফেরার আইনি অধিকার দিয়েছিল পাকিস্তানের সুপ্রিম কোর্ট।
খুব সাম্প্রতিক একটি উদাহরণ হতে পারে থাইল্যান্ডের থাকসিন শিনাওয়াত্রা। ১৫ বছর নির্বাসনে থাকার পর ২০২৩ সালে তিনি দেশে ফেরেন। তাঁর বিরুদ্ধে অনুপস্থিতিতে হওয়া ৮ বছরের সাজা ছিল। কিন্তু রাষ্ট্র তাঁকে দেশে ঢুকতে দেয়, বিমানবন্দর থেকে সরাসরি স্কর্ট করে আদালতে নেয় এবং আইনি প্রক্রিয়া চলতে দেয়। এমনকি অনেক পেছনে ফিরে তাকালে, ১৯১৭ সালে দীর্ঘ নির্বাসন শেষে ভ্লাদিমির লেনিনের রাশিয়ায় ফেরাটাও ইতিহাসে একটি বড় নজির হয়ে আছে।
পরিশেষে বলা যায়, শেখ হাসিনার প্রত্যাবর্তনের ইস্যুটি কেবল একটি রাজনৈতিক ঘটনা নয়, বরং এটি রাষ্ট্রের আইনি ও মানবাধিকার কাঠামোর জন্য একটি বড় পরীক্ষাও বটে। দেশীয় ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট বার্তা হলো—নাগরিকের মৌলিক অধিকার খর্ব করার সুযোগ কোনো রাষ্ট্রেরই নেই। অপরাধের অভিযোগ থাকলে তার বিচার হবে প্রচলিত আইনে। কিন্তু বিচারের মুখোমুখি হওয়ার জন্য কেউ যখন নিজ দেশের মাটিতে পা রাখতে চান, তখন তাঁকে বাধা দেওয়া আইনের শাসনের চরম পরিপন্থী। আইনের স্বাভাবিক গতি নিশ্চিত করতে পারলেই কেবল ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব, ফেরার পথ আটকে রেখে নয়।
