বৃহত্তর জাতীয় সরকার গঠনের আহ্বান নেতানিয়াহুর, আজ বৈঠকে বিরোধীরা বসছেন
অনলাইন নিউজ ডেক্স
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আরব দলগুলোকে বাইরে রেখে একটি ‘বৃহত্তর জাতীয় সরকার’ গঠনের আহ্বান জানিয়েছেন। নির্বাচনে তাঁর জোট এগিয়ে থাকলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে। এই সংকটময় পরিস্থিতিতে সরকার গঠনের পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করতে আজ মঙ্গলবার বৈঠকে বসছেন বিরোধী জোটের নেতারা।
বিজ্ঞাপন
গত সপ্তাহের নির্বাচনের পর বিরোধী শিবিরের নেতাদের এটিই প্রথম বৈঠক। গাদি আইজেনকটের দল ইয়াশার জানিয়েছে, আজ সকালে হার্জলিয়ায় পরিবর্তনপন্থী জোটের নেতারা পরবর্তী কৌশল নিয়ে আলোচনা করবেন। ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্টে নেতানিয়াহুর শিবির ৫৩টি আসন পেয়েছে, যার মধ্যে তাঁর দল লিকুদ পার্টির আসন সংখ্যা ২৭। অন্যদিকে, আইজেনকটের জোট পেয়েছে ৪৮টি আসন এবং আরব দলগুলো পেয়েছে রেকর্ড ১৯টি আসন।
সোমবার লিকুদ পার্টির টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘ইহুদি জনগণের বড় একটি অংশ লিকুদ পার্টিকে সবচেয়ে বড় দল হিসেবে বেছে নিয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে পরবর্তী সরকার পরিচালনার জন্যও আমাকে বেছে নিয়েছে।’ তিনি আরও যোগ করেন, ‘আমরা আমাদের অংশীদারদের সঙ্গে এবং সন্ত্রাসবাদকে সমর্থন না করা যেকোনো দলের সঙ্গে একটি বৃহত্তর সরকার গঠন করতে চাই।’
আরব দলগুলোর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়ে নেতানিয়াহু অভিযোগ করেন, তারা ‘সন্ত্রাসবাদকে সমর্থন করে এবং ইহুদি রাষ্ট্রের অস্তিত্ব অস্বীকার করে।’ তবে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার নিন্দা জানিয়েছিলেন ইসরায়েলের আরব দলগুলোর নেতারা, যদিও তাঁরা হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যা দেয় না। পর্দার আড়ালে সরকার গঠনের আলোচনা চললেও বিস্তারিত তথ্য এখনো অজানা। তবে আইজেনকটের জোটের সব দল তাঁকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে এবং আরব দলগুলোও তাঁকে সমর্থন দেওয়ার ইঙ্গিত দিয়েছে।
