টঙ্গীবাড়িতে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের বাবার কবরে ভেঙে ফেললো প্রতিবেশী।
অনলাইন নিউজ ডেক্স
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধ আব্দুল মতিন মোল্লার বাবার কবরের দেয়াল ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিবেশী সেলিনা বেগমের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।গত ২৯ সেপ্টেম্বর সকালে উপজেলার ধীপুর ইউনিয়নের মটুকপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী আব্দুল মতিন মোল্লা।অভিযোগ সূত্রে জানা যায়, মটুকপুর গ্রামের আব্দুল মতিন মোল্লার সঙ্গে প্রতিবেশী সেলিনা বেগমের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। গত ২৯ সেপ্টেম্বর সকালে মতিন মোল্লা সিদ্ধেশ্বরী বাজারে তাঁর চায়ের দোকানে ব্যবসার কাজে গেলে সেলিনা বেগম লোকজন নিয়ে তাঁর বাড়িতে প্রবেশ করে বাবার কবরস্থানের দেয়াল ভেঙে ফেলেন বলে অভিযোগ ওঠে।আব্দুল মতিন মোল্লা বলেন, তাঁর স্ত্রী মারা যাওয়ার পর থেকে তিনি বাড়িতে একাই বসবাস করছেন। তাঁর ছেলে প্রবাসে থাকেন এবং মেয়েরা স্বামীর বাড়িতে থাকেন। এই সুযোগে প্রতিবেশী সেলিনা বেগম তাঁর বাড়ি দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি।তিনি আরও বলেন, বাবার মৃত্যুর পর বাড়ির এক পাশে তাঁকে দাফন করা হয়েছিল। কিন্তু প্রতিবেশী লোকজন নিয়ে সেই কবরের দেয়ালও ভেঙে ফেলেছেন। এর আগেও তাঁর বাড়ির টয়লেট ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ছাড়া বিভিন্ন সময় তাঁকে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন আব্দুল মতিন।বৃদ্ধ বয়সে একা বসবাস করা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, মেয়েরা তাঁকে নিজেদের বাড়িতে নিয়ে যেতে চাইলেও তিনি মেয়ের জামাইয়ের সংসারে থাকতে চান না। এ ঘটনায় তিনি সুষ্ঠু বিচার দাবি করেছেন।অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে সেলিনা বেগম বলেন, মতিন মোল্লার বাবার কবর যে জায়গায় রয়েছে, জমি মাপার পর সেটি তাঁদের অংশে পড়েছে। তাঁরা বারবার জায়গাটি ছেড়ে দিতে বললেও মতিন মোল্লা তা ছাড়ছেন না।এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
