প্রকাশিতঃ সেপ্টেম্বর ২৮, ২০২৬

মুন্সীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫,দেশীয় অস্ত্র উদ্ধার।


মুন্সীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫,দেশীয় অস্ত্র উদ্ধার।
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, গত ২৬ সেপ্টেম্বর রাত ১০টা ৫০ মিনিটের দিকে শ্রীনগর থানার এএসআই ইয়ার মাহমুদ সঙ্গীয় ফোর্স নিয়ে ডিউটি করাকালে গোপন সংবাদ পান যে, বেজগাঁও এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের হাসাড়া-ফেরিঘাট সার্ভিস লেনের পাশে পরিত্যক্ত পাম্পের ঝোপের আড়ালে একদল ডাকাত ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে।এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৮/৯ জন পালানোর চেষ্টা করলে ধাওয়া করে ৫ জনকে আটক করা হয়। বাকিরা পালিয়ে যায়।গ্রেফতারকৃতরা হলো- ১. মোঃ সুজন মোড়ল (২৪), কেরানীগঞ্জ, ২. মোঃ নাঈম ফকির (২০), সিরাজদিখান, ৩. মোঃ হাসান শেখ (১৯), শ্রীনগর, ৪. মোঃ ফারুক (২৮), শরীয়তপুর ও ৫. মোঃ মাসুম (৩৭), কেরানীগঞ্জ। জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করে, তারা প্রতিনিয়ত ঢাকা থেকে মাওয়ায় ঘুরতে আসা প্রাইভেটকার ও মোটরসাইকেল আরোহীদের টার্গেট করে সার্ভিস লেনের পাশে ওৎ পেতে থাকতো এবং গাছ ফেলে ও রশি টানিয়ে ডাকাতি করতো।তাদের হেফাজত থেকে ১টি ১৬ ইঞ্চি চাপাতি, ১টি ৮.৫ ইঞ্চি ধারালো ছুরি, ১টি রিচার্জেবল টর্চ লাইট, ১০ হাত লম্বা পাটের রশি ও কালো কসটেপ উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।