ম্যাকটমিনের বিশ্বকাপ নিশ্চিত করা অবিশ্বাস্য সেই গোলকে ব্যাংক নোটে তুলে রাখল স্কটল্যান্ড


ম্যাকটমিনের বিশ্বকাপ নিশ্চিত করা অবিশ্বাস্য সেই গোলকে ব্যাংক নোটে তুলে রাখল স্কটল্যান্ড
২৮ বছর পর বিশ্বকাপে ফেরার আনন্দ স্কটল্যান্ড উদযাপন করছে একেবারে অন্যভাবে। স্কট ম্যাকটমিনের অবিস্মরণীয় গোলের ছবি এখন একটি সীমিত সংস্করণের ২০ পাউন্ডের নোটে জায়গা পেয়েছে। ব্যাংক অব স্কটল্যান্ড এই নোটটি উন্মোচন করেছে। এতে রয়েছে ডেনমার্কের বিরুদ্ধে ৪-২ গোলের জয়ে ম্যাকটমিনের চমকপ্রদ ওভারহেড কিকের ছবি। সেই জয়েই বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছিল স্কটল্যান্ড। ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপ খেলছে স্কটিশরা। সে ব্যাংক নোট অবশ্য সবাই পাবেন না। কারণ, মাত্র ১০০টি স্মারক নোট ছাপা হয়েছে। তারও অর্ধেক নোট সংগ্রাহকদের নিলাম, পুরস্কার ড্র এবং এডিনবরা ও গ্লাসগোতে বিশেষ পপ-আপ ইভেন্টের মাধ্যমে পাওয়া যাবে। সেখানে ভক্তরা একটি ভল্টের কোড ভেঙে নোট জেতার সুযোগ পাবেন। হ্যাম্পডেন পার্কে গত নভেম্বরে করা ম্যাকটমিনের এই অ্যাক্রোব্যাটিক গোল দ্রুতই স্কটিশ ফুটবলের ইতিহাসে একটি কিংবদন্তি মুহূর্ত হয়ে ওঠে। নতুন নোটের ডিজাইনে গোলের ছবির পাশে রয়েছে ফোর্থ রেল ব্রিজের ছবিও। নোটটি তৈরি হয়েছে ম্যাকটমিনে এবং স্কটিশ চিত্রশিল্পী কেটি স্মিথের সহযোগিতায়। নাপোলির এই মিডফিল্ডার বলেছেন, বিষয়টি তার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। তিনি বলেছেন, এই মুহূর্তগুলো দলকে সমর্থন যোগানো সবার। তাই আমার গোল স্কটিশ ব্যাংকনোটে দেখতে পাওয়া অসাধারণ এক অনুভূতি। ব্যাংক অব স্কটল্যান্ডের স্কটিশ এক্সিকিউটিভ কমিটির চেয়ার এমা নোবল বলেছেন, এত নাটকীয়ভাবে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করা এমন একটি মুহূর্ত, যা ভক্তরা কখনো ভুলবেন না। আমরা সেটি এমনভাবে উদযাপন করতে চেয়েছিলাম, যেখানে স্কটিশ পরিচয়ের ছাপ থাকে। নিলাম ও পুরস্কার ড্র থেকে পাওয়া অর্থ যাবে ক্রাইসিস স্কটল্যান্ডে, যে দাতব্য সংস্থাটি গৃহহীনতা দূর করতে কাজ করছে। স্কটল্যান্ড আগামী জুন মাসে গ্রুপ সি-তে হাইতির বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর মরক্কো ও ব্রাজিলের মুখোমুখি হবে তারা। স্কটল্যান্ড ফুটবল দল ফুটবল বিশ্বকাপ ২০২৬