রাজশাহীতে মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার নিষিদ্ধ দলের নেতা


রাজশাহীতে মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার নিষিদ্ধ দলের নেতা
রাজশাহী সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুজ্জামান টুকুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে তাঁকে একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি রাজশাহী সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিজ্ঞাপন পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল জুমার নামাজের পর নগরের মহিষবাথান গোরস্তানে মায়ের কবর জিয়ারত করতে যান নুরুজ্জামান টুকু। সেখান থেকেই রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁর স্বজনেরা গোরস্তান থেকে নুরুজ্জামানের মোটরসাইকেলটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। আরএমপির মুখপাত্র ও ডিবির উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, রাজপাড়া থানা এলাকা থেকে নুরুজ্জামান টুকুকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর রাজপাড়া থানার একটি নাশকতার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। নুরুজ্জামান টুকুর বড় ভাই রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে নুরুজ্জামান টুকুকে প্রকাশ্যে দেখা যায়নি।