শালিখায় সিএনআরএসের বিভিন্ন প্রকল্প পরিদর্শনে সুইডেন হাইকমিশনের উপপ্রধান
আনিছুর রহমান, শালিখা উপজেলা প্রতিনিধি, মাগুরা
বাংলাদেশে সুইডেন হাইকমিশনের উপপ্রধান মিসেস হান্না নরেল মাগুরার শালিখা উপজেলায় সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (৪ আগস্ট) প্রকল্প পরিদর্শন শেষে দুপুর ২টার দিকে তিনি শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় সিএনআরএসের নির্বাহী পরিচালক ড. এম. মখলেছুর রহমান, প্রকল্প লিড মোহাম্মদ তৌহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিএনআরএসের কর্মকর্তারা জানান, ২০২৪ সাল থেকে সুইডেন সরকারের অর্থায়নে মাগুরা সদর ও শালিখা উপজেলায় জলবায়ু সহনশীল জীবিকা উন্নয়ন, জলাশয় ব্যবস্থাপনা, বৃক্ষরোপণসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে প্রতিষ্ঠানটি।
পরিদর্শনের অংশ হিসেবে ৩ ও ৪ আগস্ট হান্না নরেল শালিখার চুকিনগর এলাকায় সিএনআরএসের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন এবং কানুদার খালের স্থায়ী মাছের অভয়াশ্রম, গ্রামীণ সঞ্চয় ও ঋণদান কর্মসূচি, ফটকি নদী খনন প্রকল্প এবং মাছের অভয়াশ্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন এবং বাস্তবায়িত কার্যক্রমের অগ্রগতি ও এর প্রভাব সম্পর্কে খোঁজখবর নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী সার্বিকভাবে এ সফরে সহযোগিতা করেন। এছাড়া আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায়ও অংশ নেন সুইডেন হাইকমিশনের উপপ্রধান।
সৌজন্য সাক্ষাৎকালে হান্না নরেল প্রকল্প বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সহযোগিতার প্রশংসা করেন। সফর শেষে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন।
