শেখ হাসিনার মৃত্যুদণ্ড ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর
অনলাইন নিউজ ডেক্স
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা ছাড়া আর কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রী দেশে ফেরার জন্য পাসপোর্টের আবেদন করেছেন—এমন খবর প্রকাশের পরদিন মঙ্গলবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালের আইন অনুযায়ী রায় প্রকাশের ৩০ দিন পর আর আপিল গ্রহণযোগ্য হয় না। তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার বর্তমানে রায় কার্যকর হওয়া ছাড়া আর অল্টারনেটিভ (বিকল্প) কিছু নেই।’
গত বছরের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও তাঁর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড প্রদান করেন। গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় এই রায় দেওয়া হয়। মামলার আরেক আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে (অ্যাপ্রুভার বা রাজসাক্ষী) পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
রায় ঘোষণার ৫৭ দিন পর গত ১৩ জানুয়ারি এই মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। আইনি বিধান অনুযায়ী, পূর্ণাঙ্গ রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে আপিল করতে হয়। রায়ে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে, ৩০ দিন অতিক্রান্ত হলে আপিল আর গ্রহণযোগ্য হবে না।
২০২৪ সালের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে পলাতক রয়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি যেকোনো মূল্যে ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। বর্তমানে তাঁর পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর আবেদনের খবরটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
বিজ্ঞাপন
সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ হাসিনা দেশে ফিরলে আইনি লড়াইয়ের সুযোগ পাবেন কি না, এমন বিষয়ে আমিনুল ইসলাম বলেন, ‘উনি আইনগত সুযোগ পাবেন কি পাবেন না; কী প্রক্রিয়ায় তিনি আইনগত সুযোগ নেবেন কি নেবেন না;… যদি বাংলাদেশে তাঁকে পাওয়া যায় তখন সেটি ফয়সালা হবে।’ তিনি পুনরায় উল্লেখ করেন যে, ট্রাইব্যুনাল আইন অনুযায়ী শেখ হাসিনার আপিল করার কোনো সুযোগ নেই।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির শুনানি ছাড়া ফাঁসি কার্যকর হওয়া নিয়ে ওঠা প্রশ্নের ব্যাখ্যায় চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালের বিচারক হচ্ছেন তিনজন, যাঁরা হাইকোর্টের বিচারপতি হওয়ার যোগ্যতা রাখেন। সাধারণ হত্যা মামলায় দায়রা জজ মৃত্যুদণ্ড দিলে তা হাইকোর্টের অনুমোদন সাপেক্ষে কার্যকর হয়, কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ক্ষেত্রে এই শর্ত নেই।
আমিনুল ইসলাম আরও বলেন, ট্রাইব্যুনাল হাইকোর্টের সমমর্যাদা সম্পন্ন এবং এর বেঞ্চে তিনজন বিচারপতি থাকেন, যা হাইকোর্টের চেয়ে বড়। ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল হয় না, সরাসরি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করতে হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর বক্তব্য খণ্ডন করে তিনি বলেন, ট্রাইব্যুনাল আইন একটি বিশেষ আইন, যেখানে ‘দ্য লিমিটেশন অ্যাক্ট’ প্রযোজ্য নয়। তিনি জোর দিয়ে বলেন, ‘ট্রাইব্যুনাল আইনে পরিষ্কার বলা আছে, ৩০ দিন পরে আর আপিল হবে না। মানে শেখ হাসিনার আপিলই অ্যাডমিট (গ্রহণ) হবে না। অতএব, ট্রাইব্যুনাল আইন বিশ্লেষণ করে বলতে চান, বর্তমানে শেখ হাসিনার রায় কার্যকর হওয়া ছাড়া আর কোনো অল্টারনেটিভ (বিকল্প) কিছু নেই।’
বিজ্ঞাপন
মুক্তিযুদ্ধের সময়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা আবুল কালাম আযাদের আপিলের বিষয়ে জানতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন, আবুল কালাম আযাদ নির্ধারিত সময়ের পরে (আউট অব টাইম) আপিল করেছেন। বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় এ নিয়ে তিনি আর মন্তব্য করতে রাজি হননি।
