আদাবরে কারখানায় হামলা, শ্রমিকদের থানা ঘেরাওয়ের পর গ্রেফতার ৫
অনলাইন নিউজ ডেক্স
রাজধানীর আদাবরে একটি এমব্রয়ডারি কারখানায় হামলা ও শ্রমিকদের কুপিয়ে জখম করার ঘটনায় প্রধান আসামিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় আরও কয়েকজনকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে আদাবর থানার ওসি আব্দুল মালেক বলেন, কারখানার মালিক মুস্তাফিজুর রহমান ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করে মামলা করেছেন। মামলার পরপরই অভিযান চালিয়ে এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—রোহান খাঁন রাসেল (৩০), মারুফ (৩৫), হাসান (২৩), মো. রায়হান (২২) ও মো. রোমান (২৪)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আদাবরের মুনসুরাবাদ ১২ নম্বর সড়কে মুস্তাফিজুর রহমানের একটি এমব্রয়ডারি কারখানা রয়েছে। অভিযোগ রয়েছে, হামলাকারীরা বিভিন্ন সময় তার কাছে চাঁদা দাবি করে আসছিল।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে কারখানার শ্রমিকরা কাজ শেষে বেতন-ভাতা নিয়ে বের হলে অভিযুক্তরা তাদের কাছ থেকে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে আতঙ্কিত শ্রমিকেরা আবার কারখানার ভেতরে ঢুকে পড়েন। পরে হামলাকারীরা সামুরাই, চাপাতি ও ছুরি নিয়ে কারখানায় প্রবেশ করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
এ সময় শ্রমিক তোফায়েল ও হাফিজ আহমেদ বাধা দিলে তাদের কুপিয়ে জখম করা হয়। পরে হামলাকারীরা ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। আহত দুজনকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়রা জানায়, ঘটনার বিচার দাবিতে মধ্যরাতে কারখানার শ্রমিকেরা আদাবর থানা ঘেরাও করেন। তারা থানার সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি রাসেলসহ পাঁচজনকে গ্রেফতার করে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত।
