ইসরাইলি বাহিনীর ওপর হিজবুল্লাহর ড্রোন ও রকেট হামলা


ইসরাইলি বাহিনীর ওপর হিজবুল্লাহর ড্রোন ও রকেট হামলা
দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরাইলি বাহিনীর ওপর উপর্যুপরি ড্রোন ও রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববারের (৭ জুন) এই হামলায় নাকুরায় অবস্থিত ইসরাইলি সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ কমান্ড হেডকোয়ার্টারকে নিশানা করা হয়, যেখানে একটি ‘আবাবিল’ আত্মঘাতী ড্রোন দিয়ে সফল আঘাত হেনেছে গোষ্ঠীটি। পৃথক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, ইসরাইলি বাহিনীকে লক্ষ্য করে তারা বেশ কয়েকটি সুনির্দিষ্ট অভিযান পরিচালনা করেছে। এর মধ্যে হাদ্দাতা অঞ্চলের দক্ষিণ উপকণ্ঠে থাকা ইসরাইলি সেনাদের ওপর দুটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। এছাড়া ইয়াহমার আল-শাকিফ নামক এলাকার কাছে ইসরাইলি সেনা ও সামরিক যানের একটি বড় জমায়েত লক্ষ্য করে তীব্র রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করে হিজবুল্লাহর যোদ্ধারা। সংগঠনটির পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, লেবাননকে রক্ষা করতে এবং সম্প্রতি ইসরাইলের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জবাব দিতেই এই পাল্টা হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহর দাবি, দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রামে ইসরাইলি বাহিনীর সাম্প্রতিক হামলায় বেশ কয়েকজন সাধারণ নাগরিক হতাহত হয়েছেন, যার অবসান ঘটাতেই তারা এই সামরিক পদক্ষেপ নিয়েছেন। এই হামলার পর ওই অঞ্চলে নতুন করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সূত্র: মিডল ইস্ট আই।