ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের
অনলাইন নিউজ ডেক্স
তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা ইউরোপ। জুন মাসের ভয়াবহ এই তাপপ্রবাহে মহাদেশটির তিনটি দেশ—ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে অন্তত ৩ হাজার ৭০০ জনের মৃত্যু হয়েছে।
সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষ জানিয়েছে, এই সংখ্যা এখনো কেবলই প্রাথমিক হিসাব এবং সময়ের সঙ্গে সঙ্গে এটি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ২০ থেকে ২৮শে জুন পর্যন্ত স্থায়ী হওয়া এই তীব্র তাপপ্রবাহ ইউরোপের ইতিহাসে অন্যতম ভয়াবহ ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে। এর প্রভাবে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছে, বিভিন্ন অবকাঠামোর ক্ষতিসাধন হয়েছে এবং একই সঙ্গে স্বাস্থ্যসেবা খাতের ওপর সৃষ্টি হয়েছে ব্যাপক চাপ।
বিজ্ঞানীদের মতে, এই চরম তাপপ্রবাহের পেছনে জলবায়ু পরিবর্তনই প্রায় নিশ্চিতভাবে দায়ী।
ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ট গত ৩রা জুলাই স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে জানান, তাপপ্রবাহ চলাকালে দেশটিতে অতিরিক্ত ২ হাজার ২৫ জনের মৃত্যু হয়েছে।
তিনি জানান, বিশেষ করে ৪৫ বছরের বেশি বয়সী মানুষদের মধ্যে মৃত্যুর হার লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে।
দেশটির জনস্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যমতে, গত ২২ থেকে ২৮শে জুনের মধ্যে তার আগের সপ্তাহের তুলনায় বাসাবাড়িতে মৃত্যুর সংখ্যা ৯১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে বৃদ্ধাশ্রম ও বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানেও মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
জনস্বাস্থ্য কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, প্রকৃত মৃত্যুর সংখ্যা প্রকাশিত হিসাবের চেয়েও বেশি হতে পারে।
এদিকে বেলজিয়ামের স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, গত ১৮ থেকে ২৯শে জুনের মধ্যে দেশটিতে প্রায় এক হাজার ২০০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮৫ বছর বা তার বেশি বয়সী ব্যক্তির সংখ্যা ছিল ৫৩০ জন।
এ ছাড়া ৬৫ বছরের কম বয়সীদের মধ্যেও ১৮০ জনের মৃত্যুর তথ্য নথিভুক্ত হয়েছে।
এক বিবৃতিতে বেলজিয়ামের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, তাপপ্রবাহের সময় এ ধরনের অতিরিক্ত মৃত্যুর ঘটনা দেশটির ইতিহাসে নজিরবিহীন।
অন্যদিকে নেদারল্যান্ডসের কর্তৃপক্ষ জানিয়েছে, তাপপ্রবাহের কারণে দেশটিতে প্রায় ৪৮০ জনের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশেরই বয়স ছিল ৮০ বছরের বেশি।
