প্রবল বৃষ্টিতে ব্রিজ ধসে যোগাযোগ বিচ্ছিন্ন।


প্রবল বৃষ্টিতে ব্রিজ ধসে যোগাযোগ বিচ্ছিন্ন।
উপজেলার শতখালী ইউনিয়নের গোবরা গ্রামের খালের ওপর নির্মিত একটি ব্রিজ টানা অতিবৃষ্টি ও প্রবল পানির চাপে ধসে পড়েছে। এর ফলে ব্রিজটি দিয়ে যান বাহন ও সাধারণ মানুষের চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, এতে স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ জুলাই) রাত থেকে টানা বৃষ্টিতে খালের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। শুক্রবার (১০ জুলাই) প্রবল স্রোত ও পানির চাপে ব্রিজটির নিচের অংশ ক্ষতিগ্রস্ত হয়ে একপর্যায়ে সেটি ধসে পড়ে। এই ঘটনায় গোবরা গ্রামের সঙ্গে আশপাশের এলাকার সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ব্রিজটি ধসে পড়ায় শিক্ষার্থী, কৃষক, শ্রমিকসহ প্রতিদিনের যাতায়াতকারী শত শত মানুষকে বিকল্প পথে চলাচল করতে হচ্ছে। এতে যেমন সময় বেশি লাগছে, তেমনি বেড়েছে যাতায়াত ব্যয়ও। অনেকেই ঝুঁকি নিয়ে খাল পারাপারের চেষ্টা করছেন, যা যেকোনো সময় দুর্ঘটনার কারণ হতে পারে। এলাকাবাসীর অভিযোগ, ব্রিজটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। তবে প্রয়োজনীয় সংস্কার বা রক্ষণাবেক্ষণের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। টানা বর্ষণে পানির চাপ বৃদ্ধি পাওয়ায় শেষ পর্যন্ত ব্রিজটি ধসে পড়ে। তারা দ্রুত একটি অস্থায়ী পারাপারের ব্যবস্থা এবং স্থায়ীভাবে নতুন ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী বলেন, “ধসে পড়া ব্রিজটি পরিদর্শনের জন্য সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সাধারণ মানুষের চলাচল নিশ্চিত করতে দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি নতুন করে ব্রিজটি নির্মাণের বিষয়ে এলজিইডির সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” তবে এলাকাবাসীর দাবি, জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত অস্থায়ী পারাপারের ব্যবস্থা গ্রহণ এবং স্থায়ীভাবে নতুন ব্রিজ নির্মাণে কার্যকর পদক্ষেপ নেয়।