২৪ ঘণ্টায় হামে প্রাণ গেল আরও ৫ শিশুর, ৮ শত ছুঁইছুঁই


২৪ ঘণ্টায় হামে প্রাণ গেল আরও ৫ শিশুর, ৮ শত ছুঁইছুঁই
দেশে হামের প্রকোপ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৯৩ জন, যা আট শতের কাছাকাছি। আজ ২০শে জুলাই, সোমবার সকাল ৮টা পর্যন্ত তথ্যের ভিত্তিতে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে মোট ১ হাজার ৬৯টি শিশু। এর মধ্যে ৯২২ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে এবং পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৪৭ জনের। তবে এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি; মারা যাওয়া পাঁচ শিশুই হামের উপসর্গে আক্রান্ত ছিল। নতুন করে মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে তিনজন সিলেট বিভাগের, একজন ঢাকা বিভাগের এবং একজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৬৯৮টি শিশুর। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৫ শিশু। ফলে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯৩ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৮৯টি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ১ হাজার ১১টি শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে ১ লাখ ১৮ হাজার ৫৭০ জন এবং নিশ্চিত হামের রোগীর সংখ্যা ১৪ হাজার ৫৭৮। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১ হাজার ২৬ জন। চিকিৎসা শেষে ইতোমধ্যে ছাড়পত্র পেয়েছে ৯৭ হাজার ৫৩২ জন। এদিকে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের এক গবেষণায় দেখা গেছে, হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের প্রায় ৮০ শতাংশই টিকা পায়নি। এ ছাড়া আরেকটি অনুসন্ধানে দেখা গেছে, হামে মারা যাওয়া শিশুদের ৫২ শতাংশের বয়স ছিল ৯ মাসের কম। বিশেষজ্ঞদের মতে, দেশে হামের বিস্তার রোধে টিকাদান কর্মসূচি আরও জোরদার করার পাশাপাশি টিকা গ্রহণে অনাগ্রহের কারণগুলো গভীরভাবে অনুসন্ধান করা প্রয়োজন।