বৃক্ষরোপণ কর্মসূচি


বৃক্ষরোপণ কর্মসূচি
সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শিবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি সমাপ্ত: দ্বিতীয় দিনে সোনামসজিদ এলাকায় গাছের চারা রোপণ ​ ​\"সবুজ বাংলাদেশ গড়তে একটি করে গাছ লাগান\"—এই স্লোগানকে সামনে রেখে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ‘সবুজ বাংলাদেশ’ প্রতিষ্ঠার ঐতিহাসিক অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুই দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সফল সমাপ্তি ঘটেছে। ​আজ ২২ জুলাই ২০২৬, বুধবার সকাল ১১টা থেকে শুরু হওয়া এই কর্মসূচির দ্বিতীয় ও শেষ দিনে শিবগঞ্জের সোনামসজিদ ডিগ্রি কলেজ সম্মুখ থেকে ট্রাক টার্মিনাল পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ফুল, ফল ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। দেশব্যাপী ২৫ কোটি গাছ লাগানোর জাতীয় কর্মসূচির অংশ হিসেবে এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়। ​বৃক্ষরোপণ কর্মসূচির দ্বিতীয় দিনের এই শেষ পর্বের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) জনাব সৈয়দ শাহীন শওকত। ​উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে দলীয় নেতাকর্মীসহ দেশের প্রতিটি সচেতন নাগরিককে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান। ​এ সময় আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা ও পৌর শাখা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীবৃন্দ। দুই দিনব্যাপী এই সফল আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।