ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের
অনলাইন নিউজ ডেক্স
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে ‘চোর’ ও ‘সাজাপ্রাপ্ত আসামি’ বলে কটূক্তি করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। এ মন্তব্যকে ব্রাজিলের সরকার, জনগণ ও গণতন্ত্রের প্রতি অবমাননাকর উল্লেখ করে আর্জেন্টিনা থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ব্রাজিল।
বার্তা সংস্থা এএফপি ও বিবিসির তথ্য অনুযায়ী, গত রোববার (২৬ জুলাই) ব্রাজিলের সাও পাওলো শহরে যুক্তরাষ্ট্রপন্থি প্রেসিডেন্ট প্রার্থী ফ্লাভিও বলসোনারোর নির্বাচনি প্রচারণায় অংশ নেন মিলেই। সেখানে তিনি সরাসরি নাম উল্লেখ না করলেও ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্টকে ইঙ্গিত করে ‘চোর’ ও ‘সাজাপ্রাপ্ত আসামি’ বলে মন্তব্য করেন।
মিলেইর ওই বক্তব্যের পরই আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্স থেকে নিজেদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত জানায় ব্রাজিল। দেশটির সরকারের ভাষ্য, আর্জেন্টিনার প্রেসিডেন্টের মন্তব্য শুধু ব্রাজিলের সরকারের নয়, বরং দেশটির জনগণ ও গণতান্ত্রিক ব্যবস্থার প্রতিও চরম অসম্মান।
এদিকে এক অনুষ্ঠানে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা বলেন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কোনো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। তিনি স্পষ্ট করে জানান, বিদেশি চাপ বা হস্তক্ষেপ ছাড়াই ব্রাজিল তার নিজস্ব পথে পরিচালিত হবে।
এএফপির খবরে বলা হয়েছে, আর্জেন্টিনায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত হুলিও বিতেলির সোমবারের মধ্যেই দেশে ফেরার কথা রয়েছে।
উল্লেখ্য, লুইজ ইনাসিও লুলা দা সিলভা ২০১৮ সালে দুর্নীতি ও ঘুষসংক্রান্ত মামলায় ১২ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। তবে ১৮ মাসের কিছু বেশি সময় কারাভোগের পর তিনি মুক্তি পান। পরে ২০২১ সালে ব্রাজিলের সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে দেওয়া সেই সাজা বাতিল করে।
এরপর ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তৎকালীন প্রেসিডেন্ট জেইর বলসোনারোকে পরাজিত করে ৫০ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে আবারও ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হন লুলা দা সিলভা। সূত্র: বিবিসি, এএফপি, জাগোনিউজ
